ভারাক্রান্ত হৃদয়ে ভুটানে, দিল্লিতে হামলার পরই প্রাক্তন রাজার জন্মদিনে যোগ দিলেন মোদী

সোমবার সন্ধ্যায় রাজধানী নয়াদিল্লির লাল কেল্লার কাছে এক ভয়াবহ গাড়ি বিস্ফোরণে অন্তত নয়জন নিহত হওয়ার ঘটনায় যখন গোটা দেশ শোকস্তব্ধ ও উচ্চ সতর্কতায়, ঠিক তার একদিন পরই মঙ্গলবার (১১ নভেম্বর) দুইদিনের সরকারি সফরে ভুটান পৌঁছালেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই সফরে তিনি ভুটানের প্রাক্তন রাজা জিগমে সিংগে ওয়াংচুকের ৭০তম জন্মবার্ষিকী উদযাপনের অনুষ্ঠানে যোগ দেন।

ভুটান সফরের শুরুতেই প্রধানমন্ত্রী মোদী দিল্লিতে ঘটে যাওয়া নারকীয় বিস্ফোরণের তীব্র নিন্দা করেন। ভুটান পৌঁছে তিনি বলেন, “আজ আমি এখানে এসেছি ভারাক্রান্ত হৃদয়ে। গতকাল সন্ধ্যায় দিল্লিতে যে ভয়াবহ ঘটনা ঘটেছে, তা গোটা দেশকে স্তম্ভিত করেছে। নিহতদের পরিবারের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। সমগ্র দেশ তাদের পাশে রয়েছে।”

তিনি আরও স্পষ্ট বার্তা দেন, “লাল কেল্লার কাছে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় যারা জড়িত, তাদের কেউই রেহাই পাবে না।”

এদিন পারো আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। পরে প্রাক্তন রাজার জন্মবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিয়ে মোদী দুই দেশের সম্পর্কের প্রশংসা করেন।

মোদী বলেন, দুই দেশের বন্ধুত্ব এখন শক্তিশালী জ্বালানি অংশীদারত্বের ভিত্তিতে এক নতুন উচ্চতায় পৌঁছেছে। ভুটানের চতুর্থ রাজা জিগমে সিংগে ওয়াংচুককের অবদান স্মরণ করে তিনি বলেন, ভুটানের গণতান্ত্রিক রূপান্তর ও সীমান্ত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

প্রধানমন্ত্রী মোদী ভুটানের সঙ্গে সংযোগ বাড়াতে বড় ঘোষণা করেন। তিনি জানান:

  • ভারত ভুটানের গেলেফুসামচে শহরকে ভারতের রেল নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এই প্রকল্প সম্পন্ন হলে ভুটানের শিল্প ও কৃষি পণ্য ভারতের বিশাল বাজারে সহজে পৌঁছাতে পারবে।
  • ভারত ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (অর্থনৈতিক কেন্দ্র) প্রকল্পে সহযোগিতা করছে এবং সেখানে একটি নতুন ইমিগ্রেশন চেকপোস্ট স্থাপন করবে।

প্রধানমন্ত্রী জানান, ভুটানের বর্তমান পাঁচ বছর মেয়াদী উন্নয়ন পরিকল্পনার জন্য ভারত সরকার এক হাজার কোটি রুপি অনুদান দিয়েছে, যা সড়ক, কৃষি, অর্থায়ন ও স্বাস্থ্য খাতে ব্যবহার করা হচ্ছে।

তিনি জোর দিয়ে বলেন, সংযোগ বৃদ্ধির এই উদ্যোগ আমাদের দুই দেশের উন্নয়ন ও সমৃদ্ধির যৌথ যাত্রাকে আরও শক্তিশালী করবে।