‘কমিশনকে কাজ করতে দিন’, তৃণমূলের SIR মামলায় নির্বাচন কমিশনের পক্ষে সওয়াল সুপ্রিম কোর্টের, রাজ্যগুলিকে নোটিশ জারি

ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া বা এসআইআর (Summary Revision) সংক্রান্ত মামলায় দেশের শীর্ষ আদালত নির্বাচন কমিশনের পক্ষে জোরালো সওয়াল করল। তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ মালা রায় ও দোলা সেনের দায়ের করা এই মামলায় সুপ্রিম কোর্ট কমিশনকে কাজ চালিয়ে যেতে বলার পাশাপাশি সংশ্লিষ্ট রাজ্যগুলিকে নোটিশ জারি করেছে।
সুপ্রিম কোর্টের নোটিশ:
বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চ এই মামলায় পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, পন্ডিচেরি সহ যে সমস্ত রাজ্যে বর্তমানে এসআইআর চলছে, সেই রাজ্যগুলিকে নোটিশ ইস্যু করেছে।
সময়সীমা বাড়ানোর দাবি তৃণমূলের:
মামলায় সওয়াল করতে গিয়ে তৃণমূলের আইনজীবী কপিল সিব্বল এসআইআর-এর সময়সীমা বাড়ানোর দাবি জানান। তিনি বলেন, বিভিন্ন জায়গায় এই সময় বৃষ্টি, চাষাবাদের কাজ থাকে এবং ক্রিসমাস উৎসবের বিষয়ও থাকে, তাই সময়সীমা বৃদ্ধি করা উচিত।
পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকার কথা উল্লেখ করে সিব্বল অভিযোগ করেন, “পশ্চিমবঙ্গের অবস্থা তো আরো খারাপ। এখানে গ্রামাঞ্চলে কোনো কোনো জায়গায় ফোর-জি নেই, ফাইভ-জি নেই, ইন্টারনেট ভালো নয়।”
শীর্ষ আদালতের মন্তব্য:
তৃণমূলের দাবির জবাবে বিচারপতি সূর্যকান্ত বলেন:
“আপনারা এমন করে বলছেন যেন এই দেশে কোনো দিন ভোটার তালিকা সংশোধনের কাজ হয়নি। নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা। তাদের কাজ করতে দিন। ভুল ত্রুটি থাকলে জানান, কমিশন নিশ্চয়ই সংশোধন করে নেবে।”
হাইকোর্টকে নির্দেশ:
সুপ্রিম কোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, এসআইআর প্রক্রিয়া নিয়ে কোনো রাজ্যের হাইকোর্টে নতুন করে কোনো মামলা হলে, সেই মামলায় যেন স্থিতাবস্থা বজায় রাখা হয় অথবা মামলাটি যেন সুপ্রিম কোর্টে পাঠিয়ে দেওয়া হয়।
তৃণমূল বারবার জানিয়েছে যে, এসআইআর নিয়ে তাদের কোনো অসন্তোষ নেই, কিন্তু পুরো প্রক্রিয়া নিয়ে আপত্তি আছে। তাদের মতে, বেশি তাড়াহুড়ো করতে গিয়ে এসআইআর-এ ভুল হচ্ছে।
আগামী ২৬ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি ধার্য করেছে সুপ্রিম কোর্ট।