অসমে ‘রিটার্ন টিকিট’ মিশন সম্পন্ন! ভোররাতে ১৯ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরাল প্রশাসন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অসমে ফের কড়া পদক্ষেপ নিল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার ভোররাতে এক্স (X)-এ ঘোষণা করেন, “Mission ‘Return Ticket’ completed before sunrise!” অর্থাৎ, সূর্য ওঠার আগেই ১৯ জন বাংলাদেশি নাগরিককে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

মুখ্যমন্ত্রী জানান, বৃহস্পতিবার ভোর ২টা ১৫ মিনিটে এই ১৯ জনকে (যাদের মধ্যে ১৪ জন শ্রীভূমি এবং ৫ জন কাচাড় জেলার বাসিন্দা) দেশে ফেরত পাঠানো হয়। এই অভিযানটি মহিষাসন সীমান্ত চৌকির (Mahishasan BOP) মাধ্যমে বিএসএফ এবং অসম পুলিশের যৌথ উদ্যোগে সফল করা হয়।

হিমন্ত বিশ্ব শর্মা তাঁর পোস্টে এই অভিযানকে “No OTT suspense here—just swift action, border edition!” বলে অভিহিত করেন। এই মন্তব্যের মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, এটি ছিল কোনো রহস্য বা নাটকীয়তা নয়, বরং সীমান্তে প্রশাসনের দ্রুত এবং বাস্তব অ্যাকশন।

গত কয়েক মাস ধরে অসম সরকার সীমান্ত নিরাপত্তা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে কঠোর অবস্থান নিয়েছে। বিশেষ করে বাংলাদেশ সীমান্তবর্তী কাচাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। রাজ্য প্রশাসন সূত্রে খবর, অবৈধভাবে বসবাসকারী বিদেশি নাগরিকদের সনাক্ত করতে বিশেষ অভিযান শুরু হয়েছে, তারই ফলস্বরূপ এই ১৯ জনকে যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিজ দেশে ফেরত পাঠানো হলো।

মুখ্যমন্ত্রী বারবারই জানিয়েছেন, “অসমে বেআইনি অনুপ্রবেশের কোনো স্থান নেই।” তাঁর এই ‘Return Ticket’ মিশন রাজ্যের নিরাপত্তা ও সামাজিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে কঠোর অবস্থানেরই প্রতিফলন।