রাজারহাট হাড়োয়া খালে ভয়াবহ দুর্ঘটনা! যাত্রী বোঝাই বাস উল্টে জখম কমপক্ষে ৫০ জন, এলাকায় তুমুল চাঞ্চল্য

সাতসকালে রাজারহাট হাড়োয়া খালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৫০ জন যাত্রী আহত হয়েছেন। আজ সকালে বেড়াচাঁপা দিক থেকে করুণাময়ীর দিকে আসা একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে উল্টে যায়। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে রাজারহাট থানার পুলিশ এবং শুরু করেছে উদ্ধারকাজ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি বেপরোয়া গতিতে আসছিল। সেই সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সশব্দে খালে উল্টে যায়। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা ও পুলিশ দ্রুত উদ্ধারকাজ শুরু করে। এই মুহূর্তে, আহত যাত্রীদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
পুলিশ বাসটিকে খাল থেকে উপরে তোলার চেষ্টা করছে। এই দুর্ঘটনার ফলে ওই রুটে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বেপরোয়া গতির কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে।