বিশ্বকাপ জয়ী রিচা ঘোষকে পুলিশের চাকরি, DSP পদে যোগ দেওয়ার সম্ভাবনা!

বিশ্বকাপ জয়ী ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম সদস্য এবং শিলিগুড়ির তারকা ক্রিকেটার রিচা ঘোষকে এবার পশ্চিমবঙ্গ পুলিশে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। রিচার ছোটবেলার স্বপ্নপূরণ হতে চলায় খুশি তাঁর পরিবার।
ইতিমধ্যেই নিয়োগ প্রক্রিয়া অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছেন রিচার বাবা মানবেন্দ্র ঘোষ। তিনি বলেন, “রিচা ফিরলেই সব প্রক্রিয়া সম্পন্ন হবে।” ছোটবেলা থেকেই রিচার ইচ্ছা ছিল পুলিশ কিংবা সেনাবাহিনীতে যোগ দেওয়ার। ডিএসপি (DSP) পদেই তাঁর যোগ দেওয়ার সম্ভাবনা প্রবল বলে জানা গিয়েছে, যদিও নিশ্চিত পদের বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নবি মুম্বইয়ের ডি ওয়াই পাটিল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে ভারতীয় মহিলা দল। ফাইনালে রিচার দুরন্ত ব্যাটিং ছিল দলের জয়ের অন্যতম ভিত্তি।
আগামী শনিবার শিলিগুড়িতে ফিরছেন রিচা। তাঁকে বরণ করে নিতে আয়োজন করা হয়েছে এক বিশাল সংবর্ধনা র্যালির। হুডখোলা জিপে শহর পরিক্রমা করবেন রিচা, আর পাশে থাকবে শিলিগুড়ির মানুষ। শিলিগুড়ি পুরনিগম এবং তাঁর ছোটবেলার ক্লাব বাঘাযতীন ক্লাবও তাঁকে সংবর্ধনা দেবে। এছাড়াও একাধিক সংগঠন ও গোষ্ঠী ঘরের মেয়েকে কাছে পাওয়ার এই উৎসবে সামিল হবে।
সোনার ব্যাট দেবে সিএবি
আগামী শনিবার কলকাতাতেও রিচাকে সংবর্ধনা দেবে সিএবি (CAB)। জানা গিয়েছে, বিশ্বজয়ী এই কন্যার হাতে তুলে দেওয়ার কথা রয়েছে একটি সোনার ব্যাট।
এদিকে, রিচার বাবা মানবেন্দ্রবাবু জানিয়েছেন, ক্রিকেট খেলায় যা যা পাওয়ার, সবই পাওয়া হল—অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়, ডব্লিউপিএল ট্রফি জয়, আর এবার ওয়ান ডে বিশ্বকাপ। তিনি শুধু একটিই প্রার্থনা করেছেন, রিচা যেন এমনভাবেই টানা খেলে যেতে পারে এবং দলের প্রয়োজনে অবদান রাখতে পারে।