Jurassic Park এবার বাস্তব! অক্ষত ডিমের ভেতরে কি লুকিয়ে আছে ডাইনোসর-ভ্রূণ? চাঞ্চল্য আর্জেন্টিনায়!

সাধারণত প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলি জীর্ণ অবস্থাতেই পাওয়া যায়। তবে এবার জীবাশ্মবিজ্ঞানের জগতে এক চমকপ্রদ গুপ্তধনের সন্ধান মিলেছে। দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনার পাতাগোনিয়ায় একদল জীবাশ্মবিদ একটি ডাইনোসরের ডিম উদ্ধার করেছেন, যা আনুমানিক ৭ কোটি বছর পুরনো এবং আশ্চর্যজনকভাবে সম্পূর্ণ অক্ষত। ডিমের খোলায় একটি ফাটলও দেখা যায়নি।
ডিমটি অক্ষত অবস্থায় পাওয়ায় গবেষকরা মনে করছেন, এর ভেতরে হয়তো একটি ভ্রূণও সংরক্ষিত থাকতে পারে, যা জীবাশ্মবিজ্ঞানের ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় রচনা করতে পারে।
মিউজিয়াম অফ ন্যাচারাল সায়েন্সেস-এর গবেষক দলটির মতে, ডিমটি সম্ভবত ক্রেটেসিয়াস যুগের মাংসাশী ডাইনোসর ‘বোনাপার্টেনিকাস’ প্রজাতির। ক্রেটেসিয়াস যুগের শেষভাগে এই ডাইনোসররা পৃথিবীতে ঘুরে বেড়াত। এই প্রজাতির ডাইনোসরদের ডিমের খোলা খুবই পাতলা হয়, ফলে তা সহজে নষ্ট হয়ে যায়। তাই অক্ষত অবস্থায় এমন ডিমের খোঁজ পাওয়াটা জীবাশ্মবিদদের কাছে বিরাট পাওনা।
যদি ডিমের ভেতরে কোনো কার্যকর ডিএনএ পাওয়া যায়, তাহলে তা জীবন্ত ডাইনোসর ফিরিয়ে আনার প্রথম পদক্ষেপ হতে পারে। এছাড়া, কোনোভাবে ভ্রূণ শনাক্ত করা গেলে মাংসাশী ডাইনোসরের ডিম ফোটার প্রক্রিয়া এবং তাদের প্রজনন কাঠামো সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বর্তমানে ডিমটি গবেষণার কাজে ব্যবহৃত হচ্ছে। গবেষণা শেষে এটি পাতাগোনিয়ার একটি জাদুঘরে সাধারণ মানুষের প্রদর্শনের জন্য রাখা থাকবে।