প্রমোশন টেস্টে ২ কিমি দৌড়ের পরেই জ্ঞান হারালেন হেড কনস্টেবল, উ দয়পুরে ট্র্যাজেডি!

রাজস্থানের উদয়পুরে এক মর্মান্তিক ঘটনায় হেড কনস্টেবল থেকে এএসআই (Assistant Sub Inspector) পদে পদোন্নতির জন্য শারীরিক পরীক্ষা দিতে গিয়ে প্রাণ হারালেন এক পুলিশ কর্মী। ৩২ বছর বয়সী হেড কনস্টেবল জব্বর সিং গরাসিয়া পদোন্নতির জন্য ২ কিলোমিটারের দৌড় সফলভাবে শেষ করার পরই অজ্ঞান হয়ে পড়েন। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে এটি হার্ট অ্যাটাকজনিত মৃত্যু বলে মনে করা হচ্ছে। এএসআই হওয়ার লড়াইয়ে জিতেও, জীবনের লড়াইয়ে শেষ পর্যন্ত হার মানতে হলো তাঁকে।

ফতেহ সাগর লেকে ঘটে গেল ট্র্যাজেডি

ঘটনাটি ঘটেছে সোমবার সকালে উদয়পুরের ফতেহ সাগর হ্রদের কাছে অবস্থিত রানি রোডে। বর্তমানে ঝাড়োল থানায় কর্মরত ছিলেন হেড কনস্টেবল জব্বর সিং। ১৩ বছর আগে তিনি পুলিশে যোগ দিয়েছিলেন এবং দীর্ঘদিন ধরেই উদয়পুর জেলায় তাঁর পরিষেবা দিয়ে আসছিলেন। সোমবার সকাল সাড়ে ৯টা নাগাদ হেড কনস্টেবল থেকে এএসআই পদে পদোন্নতির জন্য শারীরিক পরীক্ষা চলছিল। ২ কিলোমিটারের দৌড় শেষ করার পরেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং মাটিতে লুটিয়ে পড়েন। তাঁকে সঙ্গে সঙ্গে এমবি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

পরিবারে শোকের ছায়া, পুলিশের স্যালুট

জব্বর সিং তাঁর চার বোনের একমাত্র ভাই ছিলেন। তাঁর বাবা অর্জুন সিং জেল বিভাগ থেকে অবসরপ্রাপ্ত। যুবকের আকস্মিক মৃত্যুতে তাঁর পরিবারে নেমে এসেছে গভীর শোকের ছায়া। বাবা-মায়ের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

মৃত্যুর পর তাঁর দেহ মর্গে রাখা হয়। এরপর পুলিশ আধিকারিক ও সহকর্মীরা সেখানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং পূর্ণ সামরিক মর্যাদায় তাঁর মরদেহ পৈতৃক গ্রামের উদ্দেশ্যে রওনা করা হয়। এএসআই কিষাণ সিং জানিয়েছেন, জব্বর সিং-এর বাবা অর্জুন সিং-এর অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।