নির্বাচনী রণডঙ্কা! ভোটার তালিকা সংশোধনের দিনেই রাজপথে মমতা-অভিষেক! কী বার্তা দেবে তৃণমূল?

আজ, মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। আর যে দিন থেকে বুথ স্তরের আধিকারিকরা (বিএলও) এনুমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাবেন, ঠিক সেই দিনেই পথে নামছে তৃণমূল কংগ্রেস। ভোটাধিকার রক্ষা এবং সংবিধান সুরক্ষার বার্তা নিয়ে কলকাতায় মেগা মিছিলের নেতৃত্ব দেবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
মিছিলে বাজবে মমতার নিজের লেখা-সুর করা গান
এই কর্মসূচির আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি বিশেষ গান পোস্ট করেছেন, যা তিনি নিজেই লিখে ও সুর করেছেন। গানের ক্যাপশনে তিনি লিখেছেন, “মিছিলের আগে আমাদের বক্তব্যের প্রতিফলন হিসেবে দয়া করে আমার লেখা ও সুর করা এই গান শুনুন।” গানটি গেয়েছেন ইন্দ্রনীল সেন।
কলকাতা ও লাগোয়া জেলার নেতা-কর্মীদের দুপুর দেড়টার মধ্যে রেড রোডে ড: বি.আর. অম্বেডকরের মূর্তির সামনে জমায়েত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুর আড়াইটা নাগাদ সেখান থেকে মিছিল শুরু হবে। মিছিলটি অম্বেডকর মূর্তির সামনে থেকে আর আর অ্যাভিনিউ, ডোরিনা ক্রসিং ও ভিক্টোরিয়া হাউজ হয়ে সেন্ট্রাল অ্যাভিনিউ ধরে সোজা চলে যাবে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি পর্যন্ত। সেখানেই সভা করে তৃণমূল তাদের বার্তা শেষ করবে।
তৃণমূল নেতৃত্বের এই কর্মসূচির মূল বার্তা হলো— ভোটাধিকার রক্ষা, সংবিধান সুরক্ষা এবং বাংলার প্রতি কেন্দ্রীয় বৈষম্যের প্রতিবাদ। এই মিছিলের মাধ্যমে বাংলার মানুষকে সতর্ক করা হবে, যাতে কোনওভাবেই তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ না যায়।
অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানিয়েছেন, দূরের জেলাগুলিকে মিছিলে আসতে বারণ করা হয়েছে, শুধু কলকাতা ও আশপাশের জেলার নেতা-কর্মীরাই মিছিলে অংশ নেবেন। তিনি ফের হুঁশিয়ারি দিয়েছেন যে, একটাও বৈধ ভোটারের নাম বাদ গেলে দিল্লিতে নির্বাচন কমিশন ঘেরাও করা হবে।