‘জঙ্গি’ হিসেবে তকমা দেওয়া হলো সলমন খানকে! পাক নাগরিকের ভিডিও ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, কেন এই বিতর্ক?

বলিউডের ‘দাবাং’ তারকা সলমন খানকে নাকি জঙ্গি হিসেবে তালিকাভুক্ত করেছে পাকিস্তান! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক পাক বাসিন্দার ভিডিওতেই এমন চাঞ্চল্যকর দাবি করা হয়েছে। সৌদি আরবের রিয়াধে একটি ফিল্মি অনুষ্ঠানে বালোচিস্তান নিয়ে সলমনের করা মন্তব্যের জেরেই পাকিস্তান তাঁকে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছে বলে অভিযোগ। যদিও এই খবর এখনও পর্যন্ত পাক সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সিলমোহর দেওয়া হয়নি।

ঠিক কী ঘটেছিল ভাইজানের সঙ্গে?

কয়েক মাস আগে সৌদি আরবে একটি ফিল্মি অনুষ্ঠানে বিদেশে ভারতীয় ছবির ব্যবসা নিয়ে কথা বলছিলেন সলমন খান। সেই সময় তিনি বলেন, ”সৌদি আরবে হিন্দি ছবি মুক্তি পেলে যেমন ভালো ব্যবসা করবে, তেমনি তামিল, তেলুগু, মালায়লম ভাষায় ছবি তৈরি হলেও ভালো ব্যবসা করবে। কেননা, এখানে আফগানিস্তান, পাকিস্তান ও বালোচিস্তানেরও লোকরা এসে কাজ করছে এবং সফল হচ্ছে।”

সলমনের এই মন্তব্যের পরই বিতর্কের সূত্রপাত। অনেকের মতে, অন্যান্য স্বাধীন দেশের মতো বালোচিস্তানের নাম আলাদা করে নেওয়ায় পাকিস্তানের একাংশ অত্যন্ত বিরক্ত হয়। আর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া খবর অনুযায়ী, এই মন্তব্যের কারণেই সলমন খানকে পাকিস্তানের জঙ্গি তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

নাসিম আজমি নামে এক ব্যক্তি, যিনি নিজেকে পাক নাগরিক বলে দাবি করেছেন, তিনি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিওতেই সলমন খানকে জঙ্গি বলে ঘোষণা করার খবর জানানো হয়। তবে, আবারও উল্লেখ্য, পাক সরকারের পক্ষ থেকে এই সংবাদের সত্যতা এখনও নিশ্চিত করা হয়নি। সলমন খানের পক্ষ থেকেও এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য পাওয়া যায়নি।