দেগঙ্গায় মদ্যপানের আসরে খুন? দিনমজুরের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, রহস্য সমাধানে মাঠে পুলিশ, আটক ১

উত্তর ২৪ পরগনার দেগঙ্গা বাজার এলাকা থেকে সাতসকালে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হওয়ায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। দেগঙ্গা থানার পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম বাবলু কর্মকার, বয়স ৪৭ বছর। স্থানীয় সূত্রে খবর, বাবলু দিনমজুরের কাজ করতেন এবং ঘরে একাই থাকতেন। পাশের ঘরে থাকতেন তাঁর বৃদ্ধা মা। বাবলু নেশাগ্রস্ত ছিলেন এবং প্রায় প্রতিদিনই রাতে নতুন নতুন বন্ধুদের নিয়ে মদ্যপানের আসর বসাতেন। স্থানীয়দের দাবি, গতকাল রাতেও তাঁর সঙ্গে এক বন্ধু ছিলেন।

রক্তাক্ত মৃতদেহ, উদ্ধার ধারালো অস্ত্র:

এদিন সকালে বাবলুর মা এবং প্রতিবেশীরা তাঁর ঘরে গিয়ে দেখেন, বিছানার উপর বাবলুর নিথর দেহ পড়ে আছে। তাঁর শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। বিছানা ও মশারি জুড়ে ছোপ ছোপ রক্তের দাগ। ঘরে পড়েছিল দু’জনের ভাতের থালা, যা থেকে পুলিশের প্রাথমিক অনুমান— খুনটি মদ্যপানের আসরেই হয়েছে।

খবর পেয়ে দেগঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো অস্ত্রটিও উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মদের আসরে বচসার জেরেই বাবলুকে খুন করা হয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো রহস্য রয়েছে— দেগঙ্গা থানার পুলিশ তা খতিয়ে দেখছে। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে খুনের কিনারা করার চেষ্টা করছে পুলিশ।