দিল্লি-মুম্বই-সহ দেশের ১৫টি ব্যস্ত স্টেশনে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ, কবে পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা?

দেশজুড়ে উৎসবের মরশুম ও অতিরিক্ত যাত্রী ভিড় সামাল দিতে বড়সড় পদক্ষেপ নিয়েছে ভারতীয় রেলওয়ে। দীপাবলি ও ছটপুজোর কারণে যাত্রীদের ভিড় নিয়ন্ত্রণে রাখতে দেশের ১৫টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে সাময়িকভাবে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাত্রীদের নিরাপদে ওঠানামা নিশ্চিত করা ও চলাচল নির্বিঘ্ন রাখাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য।

নিষেধাজ্ঞার সময় ও স্টেশন: রেল সূত্রে খবর, এই নিষেধাজ্ঞা আগামী ২৮ অক্টোবর, ২০২৫ পর্যন্ত বলবৎ থাকবে। মুম্বইয়ের ছয়টি স্টেশন, যেমন সিএসএমটি, দাদর, এলটিটি, থানে, কল্যাণ ও পানভেল-এ এই নিষেধাজ্ঞা গত ১৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে।

যে ১৫টি স্টেশনে টিকিট বন্ধ: ১. নিউ দিল্লি রেলওয়ে স্টেশন ২. দিল্লি রেলওয়ে স্টেশন ৩. হাজরত নিজামউদ্দিন ৪. আনন্দ বিহার টার্মিনাল ৫. গাজিয়াবাদ ৬. বান্দ্রা টার্মিনাস ৭. ভাপি ৮. সুরাট ৯. উদনা ১০. ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT) ১১. দাদর ১২. লোকমান্য তিলক টার্মিনাস (LTT) ১৩. থানে ১৪. কল্যাণ ১৫. পানভেল

তবে রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বয়স্ক যাত্রী, অসুস্থ ব্যক্তি, শিশু ও মহিলা যাত্রী, যাদের সাহায্যের প্রয়োজন, বিশেষ অনুমতির ভিত্তিতে তাঁদের ক্ষেত্রে প্ল্যাটফর্ম টিকিট ইস্যু করা হবে।

নিউ দিল্লি স্টেশনে বিশেষ সুবিধা: এদিকে, উত্তর রেলওয়ে জোনের পক্ষ থেকে নিউ দিল্লি রেলওয়ে স্টেশনে একটি স্থায়ী ‘হোল্ডিং এরিয়া’ নির্মাণ সম্পন্ন হয়েছে। স্টেশনের আজমেরি গেটের দিকে তৈরি হওয়া এই নতুন কেন্দ্রটিতে একসঙ্গে প্রায় ৭,০০০ যাত্রী বিশ্রাম নিতে পারবেন। রেলওয়ে কর্তৃপক্ষ আশাবাদী, এই পদক্ষেপের ফলে উৎসবের ভিড়ের মধ্যেও যাত্রীদের যাতায়াত আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যপূর্ণ হবে। রেলের পক্ষ থেকে যাত্রীদের ভিড় এড়াতে আগে থেকে ভ্রমণের পরিকল্পনা তৈরি করার অনুরোধ জানানো হয়েছে।