অসমের কোকড়াঝাড়ে মধ্যরাতে আতঙ্ক! আপ আজারা সুগার মালগাড়ি যাওয়ার সময় তীব্র ঝাঁকুনি, রেললাইনে বোমা বিস্ফোরণ?

দীপাবলির উৎসবের মধ্যেই বড়সড় নাশকতার ছক ভেস্তে গেল অসমে। বৃহস্পতিবার ভোররাতে অসমের কোকড়াঝাড় এবং শালকাঠি স্টেশনের মাঝামাঝি রেললাইনে এক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে রেললাইনের একাংশ এবং স্লিপারগুলি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিস্ফোরণের ঘটনা: জানা গিয়েছে, রাত প্রায় ১টা নাগাদ সালাকাটি ও কোকরাঝাড় স্টেশনের মধ্যে দিয়ে যাচ্ছিল ‘আপ আজারা সুগার’ নামের একটি মালগাড়ি। সেই সময়ই ট্রেনের ম্যানেজার তীব্র ঝাঁকুনি অনুভব করেন এবং দ্রুত ট্রেন থামানোর নির্দেশ দেন। রেল পুলিশকে খবর দেওয়ার পর পরীক্ষা করে দেখা যায়, রেললাইনের নির্দিষ্ট অংশে বিস্ফোরণ ঘটেছে। প্রাথমিকভাবে এই ঘটনাটিকে বোমা বিস্ফোরণ বলেই অনুমান করা হচ্ছে।

তদন্ত ও স্বাভাবিক ট্রেন চলাচল: ঘটনাস্থলের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ এবং রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) পৌঁছায়। বর্তমানে গোয়েন্দা সংস্থাগুলিও ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও পর্যন্ত কোনো জঙ্গি বা বিচ্ছিন্নতাবাদী সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তাৎক্ষণিকভাবে রেললাইনের ক্ষতিগ্রস্ত অংশে মেরামতির কাজ শুরু হয় এবং আজ সকাল ৫টা ২৫ মিনিট থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। তবে এই ঘটনার জেরে প্রায় ৮টি ট্রেন দেরিতে চলেছে। এলাকায় পুলিশের টহলদারি আরও জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, অসমে রেললাইনে বা ট্রেনে বিস্ফোরণের ঘটনা নতুন নয়। অতীতে একাধিকবার গ্রেনেড বিস্ফোরণ, এমনকি যাত্রী বোঝাই চলন্ত ট্রেনে আইইডি বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। যদিও এবারের ঘটনায় কোনও হতাহতের খবর নেই, তবুও রেললাইনে এই বিস্ফোরণ নাশকতার দিকেই ইঙ্গিত করছে।