ভাইফোঁটায় কি স্বস্তি, নাকি বৃষ্টি হবে? বঙ্গোপসাগরের নিম্নচাপ নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তরের ‘বড় আপডেট’

বর্ষা বিদায় নিলেও বৃষ্টির রেশ কাটেনি রাজ্য থেকে। দুর্গাপুজো এবং কালীপুজোতে হালকা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বিভিন্ন প্রান্তে। আজ, বৃহস্পতিবার পালিত হচ্ছে ভাইফোঁটা উৎসব। উৎসবের দিনে আবহাওয়া কেমন থাকবে, সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।
আজ ভাইফোঁটায় স্বস্তি: আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ ভাইফোঁটার দিনে দক্ষিণবঙ্গের (South Bengal Weather) কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। ফলে ভাই-বোনেদের ফোঁটা দেওয়া বা মিষ্টি বিতরণের ক্ষেত্রে আবহাওয়ার কোনো বাধা থাকছে না। আজকের দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকবে এবং সকালে আবহাওয়া মূলত শুষ্ক থাকবে।
নিম্নচাপের ভ্রুকুটি, শুক্রবার থেকে হাওয়া বদল: তবে স্বস্তি মিললেও শীতের জাঁকিয়ে পড়ার সম্ভাবনা এখনই নেই। বঙ্গোপসাগরের উপর একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে, যা শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এই নিম্নচাপটির অভিমুখ তামিলনাড়ু, পুদুচেরি এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূল এলাকা হলেও, এর প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়ায় পরিবর্তন আসবে।
শুক্রবার: উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, সঙ্গে বজ্রপাতের আশঙ্কাও থাকবে।
শনিবার থেকে সোমবার: সপ্তাহান্তে বৃষ্টির পরিমাণ বাড়বে। শনিবার থেকে সোমবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস: আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই।
শুক্রবার: দার্জিলিং এবং কালিম্পং-এ হালকা বৃষ্টি হতে পারে।
শনি ও রবিবার: এই দুই জেলার পাশাপাশি জলপাইগুড়িও ভিজবে।
সোমবার: উত্তরবঙ্গের ৮ জেলাতেই স্বল্প সময়ের জন্য বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।