সিরিজ বাঁচাতে হলে কোহলিই ভরসা! অ্যাডিলেডে ‘বিরাট’ রেকর্ড, পারথে শূন্য করা ব্যাটসম্যানের পরিসংখ্যান চমকে দেবে!

পারথে শূন্য রানে প্যাভিলিয়নে ফেরার তিক্ত স্মৃতি নিয়েই আগামীকাল অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ওয়ান ডে-তে নামছে ভারত। প্রথম ম্যাচে হারের পর সিরিজ বাঁচাতে গেলে বৃহস্পতিবারের এই ম্যাচটি ভারতের জন্য ‘ডু অর ডাই’। এই পরিস্থিতিতে দলের অন্যতম বড় ভরসা বিরাট কোহলি, যাঁর অ্যাডিলেড ওভালের রেকর্ড রীতিমতো ঈর্ষণীয়।
প্রায় সাত মাস পরে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা বিরাটের প্রথম ইনিংসটি ব্যর্থ হলেও, অ্যাডিলেডের পিচ তাঁর কাছে যেন ঘরের মাঠ।
অ্যাডিলেডে বিরাটের ‘বিরাট’ পরিসংখ্যান
মোট ম্যাচ: অ্যাডিলেড ওভালে বিরাট কোহলি এখনও পর্যন্ত মোট ১২টি ম্যাচ খেলেছেন।
মোট রান: এখানে তিনি রান করেছেন মোট ৯৭৫, যা এই মাঠে তাঁর ধারাবাহিকতার প্রমাণ।
গড়: বিরাটের ব্যাটিং গড় ৬৫, যা যেকোনো মাঠে এক স্বপ্নের পরিসংখ্যান।
শতরান: অ্যাডিলেডে তিনি মোট ৫টি শতরান হাঁকিয়েছেন। এর মধ্যে ২০১৫ সালের বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে করা ১০৭ রানের ইনিংসটিও রয়েছে।
ওয়ান ডে: শুধুমাত্র একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে এই মাঠে ৪টি ইনিংসে ২৪৪ রান করেছেন, গড় ৬১।
দুশ্চিন্তা বাড়াচ্ছে দলের রেকর্ড
যদিও বিরাটের ব্যক্তিগত রেকর্ড দারুণ, কিন্তু অ্যাডিলেড ওভালে ভারতের ওয়ান ডে রেকর্ড কিন্তু খুব একটা ভালো নয়। ওয়ান ডে আন্তর্জাতিক ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতীয় দল এই মাঠে ছয়বার খেলতে নেমেছে, যার মধ্যে জয় পেয়েছে মাত্র ২ বার। প্রথম ওয়ান ডে-তে হারের পর এই পরিসংখ্যান নিঃসন্দেহে ভারতীয় দলের উপর বাড়তি চাপ সৃষ্টি করবে।
অনুশীলনে জোর টপ অর্ডারে
পারথে বাউন্সের বিরুদ্ধে ভারতীয় ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট ছিল। মূলত টপ অর্ডার অতিরিক্ত উচ্চতার কাছে হার মেনে উইকেট ছুড়ে দিয়ে এসেছিল। সেই ভুল শুধরে নিতে বুধবার অ্যাডিলেডে অনুশীলনে বাড়তি মনোযোগ দেখা গেল।
প্রথমে নেটে আসেন রোহিত শর্মা, এরপর যোগ দেন বিরাট কোহলি এবং শুভমন গিল। প্রথম ওয়ান ডেতে ব্যর্থ হলেও এদিন রোহিতকে বেশ ছন্দে দেখায়। শর্ট বল মারার বদলে তিনি বল টাইমিং করার দিকে জোর দেন। রোহিত ও শুভমনকে টেকনিক এবং হ্যাজেলউডদের শর্ট-অফ গুড লেংথের বল মোকাবিলা নিয়ে আলোচনা করতে দেখা যায়।
বৃষ্টির কারণে প্রথমে ইন্ডোরে অনুশীলন করার কথা থাকলেও, দ্রুত নেট প্রস্তুত করে দেওয়ায় ভারতীয় দল মাঠেই অনুশীলন করতে পেরেছে। সিরিজ বাঁচাতে গেলে অ্যাডিলেডে বিরাটের ব্যাটে রানের বন্যা এবং টপ অর্ডারের ঘুরে দাঁড়ানো অত্যন্ত জরুরি।