রাত ১০টায় ঘুম, সন্ধে সাড়ে ৬টায় ডিনার! অক্ষয় কুমারের এই রুটিন জানলে আপনার রাতের ঘুম উড়ে যাবে!

বলিউডের অন্যতম ফিট এবং সুপারস্টার অক্ষয় কুমারের সুঠাম দেহ ও ফিটনেসের রহস্য কী? তাঁর অভিনয় প্রতিভা ও চেহারার গুণে ভক্তরা মুগ্ধ হলেও, এবার তিনি ফাঁস করলেন তাঁর এক আশ্চর্য জীবনযাত্রার রুটিন, যা শুনলে অনেকেই অবাক হবেন।

অক্ষয় কুমার রাতে নয়, বরং দিনের বেলায়ই সেরে ফেলেন রাতের খাবার!

সন্ধে সাড়ে ৬টায় ডিনার!

সাধারণত বাঙালি সহ দেশের বহু মানুষ যখন বিকেল বা সন্ধ্যার মুখে চা-টা (সিঙ্গারা, চাউমিন) জাতীয় মুখরোচকে ভরসা রাখেন, ঠিক সেই সময়েই ডিনার সেরে ফেলেন ‘খিলাড়ি’ কুমার। তাঁর প্রতিদিনের রাতের খাবার খাওয়ার সময় হলো—সন্ধে ৬টা ৩০ মিনিট।

এই অস্বাভাবিক সময়ের কারণ হিসেবে অক্ষয় এক গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিয়েছেন। তিনি জানান, রাতে যখন মানুষ ঘুমিয়ে পড়েন, তখন শরীরের সব অঙ্গ বিশ্রাম পায়। কিন্তু পাকস্থলী বিশ্রাম পায় না। কারণ অনেকেই রাতে খাবার খেয়ে সঙ্গে সঙ্গেই শুয়ে পড়েন বা ঘুমিয়ে যান। ফলে পাকস্থলী সেই খাবার হজম করাতে সারারাত কাজ করে চলে। অক্ষয়ের মতে, পাকস্থলীরও বিশ্রাম দরকার।

তাই রাতের খাবার সন্ধে সাড়ে ৬টায় খেয়ে তিনি রাত সাড়ে ৯টা বা ১০টার মধ্যে ঘুমোতে যান। এর ফলে ঘুমের আগেই খাবার সম্পূর্ণরূপে হজম হয়ে যায় এবং রাতে ঘুমের সময় পাকস্থলীও প্রয়োজনীয় বিশ্রাম পায়।

প্রতি সোমবারে সম্পূর্ণ উপোস

শুধু ডিনার টাইম নয়, অক্ষয় কুমার তাঁর স্বাস্থ্যকর জীবন যাপনে আরও একটি কঠোর নিয়ম পালন করেন। তিনি প্রতি সোমবার দিনটি সম্পূর্ণ উপোস থাকেন।

রবিবার রাতে শেষ খাবার খাওয়ার পর সোমবার সারাদিন তিনি কিছু মুখে দেন না। অর্থাৎ, প্রায় ৩৬ ঘণ্টা উপবাসের পর তাঁর খাবার পেটে পড়ে মঙ্গলবার সকালে। সকলকে স্বাস্থ্যকর জীবন যাপনে উৎসাহিত করেন বলিউডের এই সুপারস্টার। তাঁর এই কঠোর রুটিনই প্রমাণ করে, শুধুমাত্র শক্তিশালী চেহারা নয়, সুঠাম দেহের পিছনে রয়েছে কড়া ডিসিপ্লিন ও সঠিক জীবনধারা।