চলন্ত গাড়ির ছাদে বাজির তাণ্ডব! দীপাবলির রাতে বিপজ্জনক স্টান্ট, লখনউ ও মথুরার ভাইরাল ভিডিও ঘিরে তদন্তে পুলিশ

দীপাবলির উৎসবের আমেজে দেশজুড়ে আনন্দের পাশাপাশি দেখা গেল চরম বিশৃঙ্খলা ও বিপজ্জনক স্টান্টের ছবি। দূষণ নিয়ন্ত্রণের নিষেধাজ্ঞা অমান্য করে দেদার বাজি পোড়ানোর মধ্যেই এবার চলন্ত গাড়ির ছাদে বাজি ফাটানোর একটি ভিডিও ঘিরে জোর চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের লখনউয়ে। ২০ সেকেন্ডের ওই ভাইরাল ভিডিওতে দেখা গেছে, তিন যুবক ব্যস্ত রাস্তায় চলন্ত গাড়ির ছাদে একের পর এক আতশবাজি ফাটান। গাড়ির সামনের সিটে থাকা এক যুবক জানালা দিয়ে শরীর বের করে সেই বাজির মুহূর্তটি ক্যামেরাবন্দি করছিলেন। প্রায় দু’সেকেন্ড অন্তর অন্তর বাজি ফাটছিল চলন্ত গাড়িটির ছাদে।
জানা গেছে, ঘটনাটি ঘটেছে সোমবার রাতে লখনউয়ের চক এলাকায়, যা কেজিএমইউ ট্রমা সেন্টারের অদূরে। ভিডিওটি লখনউ পুলিশের নজরে আসার পরই শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে খবর, ট্রাফিক পুলিশ ও স্থানীয় থানার পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে তিন যুবকের নাম, পরিচয়, তাদের গাড়ির নম্বর ও এলাকার খোঁজ করছেন। খুব দ্রুতই তাঁদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে।
ভিডিওতে দেখা যায়, যখন মুহুর্মুহু বাজি ফাটছিল, তখন আশেপাশের অন্যান্য গাড়িগুলি ঠিকমতো চলাচল করতে পারছিল না। দুর্ঘটনা এড়াতে অনেকেই নিজেদের গাড়ি ও বাইক থামিয়ে দেন, যার ফলে ওই ব্যস্ত রাস্তায় সাময়িকভাবে যানজটের সৃষ্টি হয়। উৎসবের আমেজে এমন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য নেটিজেনরা চরম বিরক্ত প্রকাশ করেছেন।
ये वो नमूने हैं..जो स्वयं की जान जोखिम में तो डाल ही रहे..अन्य राहगीरों/वाहनों के लिए..बन जाते हैं..काल..🙄..@UPPViralCheck
..प्राप्त जानकारी के अनुसार कल दीवाली की रात..चौक क्षेत्र के ट्रामा सेंटर के सामने..बीच सड़क..चलती कार से दाग रहे थे…पटाखे..😡
"सदैव सेवा में तत्पर" रहने… pic.twitter.com/LMZTbViCA7— Vivek Sharma (@Lko_VivekSharma) October 21, 2025
লখনউয়ের মতোই দীপাবলির রাতে এমন আরেকটি ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মথুরায়। ১৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা গেছে, একটি চলন্ত এসইউভি (SUV) গাড়ির ছাদেও আতশবাজি ফাটানো হচ্ছিল। এক যুবক গাড়ির সানরুফ থেকে মাথা বের করে হাতে বাজি ধরেছিলেন, যখন অন্য এক বন্ধু গাড়ি চালাচ্ছিলেন। চলন্ত গাড়িতে বাজি ফাটানোর এই বিপজ্জনক প্রবণতা জননিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলেছে।