ভারতের বিরাট সিদ্ধান্ত! বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি পাকাপাকিভাবে বন্ধ করল BSNL, উত্তর-পূর্বাঞ্চলে কি বাড়বে সমস্যা?

ভারতের রাষ্ট্রীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভারত সঞ্চার নিগম লিমিটেড বা BSNL (BSNL) পাকাপাকিভাবে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিয়েছে। দ্য ডেইলি স্টারের রিপোর্ট অনুযায়ী, মঙ্গলবার (২১ অক্টোবর) এই পদক্ষেপ কার্যকর করা হয়েছে। মূলত ভারতের উত্তর পূর্বাঞ্চলকে ডিজিটালভাবে আরও সাবলীল এবং স্বয়ংসম্পূর্ণ করে তোলার লক্ষ্যেই এই বিরাট পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত সংস্থাটি।

উত্তর-পূর্বাঞ্চলে প্রভাব ও বাংলাদেশের উদ্বেগ

বাংলাদেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সাবমেরিন কেবলসি পিএলসি (BSCPLC)-এর উপমহাব্যবস্থাপক মহম্মদ আরিফুল হক জানিয়েছেন, বিএসএনএল আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দিয়েছে। এই পদক্ষেপ নাকি ভারতের উত্তর-পূর্ব অঞ্চলে ইন্টারনেট সংযুক্তিতে প্রভাব ফেলতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বিএসএনএল ব্যান্ডউইথ আমদানি বন্ধ করে দেওয়ায় যথেষ্ট ক্ষতির মুখে পড়বে বাংলাদেশ সাবমেরিন কেবলসি পিএলসি। উল্লেখ্য, এই সময়ে আইটিসি কোম্পানিগুলোর মাধ্যমে বাংলাদেশের মোট ব্যান্ডউইথ খরচের প্রায় ৬০ শতাংশ ভারত থেকেই যাচ্ছিল।

চুক্তির ইতিহাস: ধাপে ধাপে আমদানি বন্ধ

বিএসসিপিএলসি এবং বিএসএনএল-এর মধ্যে ২০১৫ সালের জুন মাস নাগাদ ব্যান্ডউইথ সংক্রান্ত একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

২০১৬: ৮ ফেব্রুয়ারি আনুষ্ঠানিক চুক্তি অনুযায়ী বিএসএনএল ১০ জিবিপিএস ব্যান্ডউইথ আমদানি শুরু করে।

২০২০: ৮ ফেব্রুয়ারি বিএসএনএল সাময়িকভাবে আমদানি বন্ধ করে দেয়।

২০২১: ২৬ নভেম্বর একটি নতুন চুক্তির অধীনে পুনরায় বাংলাদেশ থেকে ব্যান্ডউইথ আমদানি শুরু করে বিএসএনএল এবং আমদানির পরিমাণ ১০ জিবিপিএস থেকে বাড়িয়ে ২০ জিবি প্রতি সেকেন্ড করা হয়।

তবে বর্তমানে ২০২৫ সালে এসে উত্তর পূর্বাঞ্চলকে নিজস্ব উপায়ে ডিজিটালভাবে সাবলীল করে তোলার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে এই আমদানি বন্ধ করে দিল ভারতের সরকারি টেলিকম নেটওয়ার্ক সংস্থাটি।

প্রসঙ্গত, বাংলাদেশ সাবমেরিন কেবলসি পিএলসি, বাংলাদেশ টেলিযোগাযোগ সংস্থা লিমিটেডের মাধ্যমে কক্সবাজার অবতরণ স্টেশন আখাউরার মাধ্যমে ভারতীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা বিএসএনএল-কে ব্যান্ডউইথ পরিষেবা দিত। অন্যদিকে, চলতি বছর বিটিআরসি (BTRC) বৈচিত্র্যময় আন্তর্জাতিক সংযোগ নিশ্চিত করতে ভারত থেকে ৫০ শতাংশ ব্যান্ডউইথ আমদানি শুরু করেছে।