‘অপারেশন সিঁদুর’-এর কায়দায় মিয়ানমারে সার্জিক্যাল স্ট্রাইক! দীপাবলির রাতে ড্রোন হামলা চালিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো নাগা জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি

পাকিস্তান সীমান্তে ‘অপারেশন সিঁদুর’-এর সাফল্যের পর এবার ভারত তার আরেক প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে জোরালো সার্জিক্যাল স্ট্রাইক (Surgical Strike In Myanmar) চালিয়েছে বলে জানা যাচ্ছে। হাব নিউজের (Hub News) রিপোর্ট অনুযায়ী, ড্রোন হামলা চালিয়ে মিয়ানমার ভিত্তিক নাগা জঙ্গিগোষ্ঠী এনএসসিএন (NSCN)-এর একটি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। রিপোর্টে বলা হয়েছে, গত সোমবার, অর্থাৎ দীপাবলির রাতে, এই বিশেষ অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী।
কেন হঠাৎ এই বিশেষ অভিযান?
একাধিক সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, উত্তর-পূর্বের তিন রাজ্যের সঙ্গে মিয়ানমারের প্রায় ১৬৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। সম্প্রতি এই সীমান্ত এলাকায় জঙ্গি তৎপরতা বেড়েছে।
১. আসামে হামলা: আসামের তিনসুকিয়া জেলার কাকোপাথর এলাকায় সেনা ছাউনি লক্ষ্য করে হামলা চালায় আলফা নামক একটি গোষ্ঠী। এই ঘটনার পর সেনার সঙ্গে দীর্ঘ এক ঘণ্টা ধরে চলে গুলির লড়াই। ২. অরুণাচলে হামলা: একই দিনে অরুণাচলের চাংলংয়েও অতর্কিতে হামলা চালায় মিয়ানমার ভিত্তিক জঙ্গিগোষ্ঠী এনএসসিএন বা খাপলাং ইউংআং-এর সন্ত্রাসীরা।
বিগত কয়েক বছর ধরে মিয়ানমারের গৃহযুদ্ধের কারণে সীমান্তে জঙ্গি তৎপরতা বেড়েছে। এই পরিস্থিতিতে মণিপুর এবং অরুণাচলের সীমান্তবর্তী এলাকাগুলিতে ধারাবাহিকভাবে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী। মূলত মিয়ানমার ভিত্তিক জঙ্গি সংগঠনের সীমান্ত সন্ত্রাস রুখতেই এবার আকাশপথে ড্রোন হামলা চালানোর সিদ্ধান্ত নেয় ভারত।
ভারতীয় সেনাবাহিনী আগেও মিয়ানমারের জঙ্গি ঘাঁটিগুলোতে কমান্ডো অভিযান চালালেও তা খুব বড় সাফল্য পায়নি। তবে এই প্রথমবারের মতো ‘অপারেশন সিঁদুর’-এর কায়দায় আকাশপথে ড্রোন হামলা চালিয়ে জঙ্গিদের কঠোর জবাব দিল দেশের বীর জাওয়ানরা। এই ড্রোন হামলা আবারও পহেলগাঁও জঙ্গি হামলায় নিহতদের প্রতিশোধে পাকিস্তানে চালানো ‘অপারেশন সিঁদুর’ এবং তাতে মৃত শতাধিক জঙ্গির সেই স্মৃতি উসকে দিল।