বিপজ্জনক, সকালেই ‘স্মগ’-এর স্তরে ডুবল দিল্লি, দিওয়ালির উৎসবেও এ কেমন অশনি সংকেত?

নয়াদিল্লি: শুভ দীপাবলির (Diwali) সকালেই এক চরম অস্বস্তিকর পরিবেশে ঘুম ভাঙল দিল্লির (Delhi) বাসিন্দাদের। আলোর উৎসব শুরু হতে না হতেই রাজধানী যেন ঢেকে গেল ধোঁয়ার (Smog) এক ঘন চাদরে! কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর তথ্য বলছে, পরিস্থিতি এতটাই ভয়াবহ যে শহরের বাতাসের মান (AQI) নেমে গেছে ‘অত্যন্ত খারাপ’ (Very Poor) ক্যাটেগরিতে।
আজ সকাল ৯টা নাগাদ, কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের ‘সমীর’ (SAMEER) অ্যাপ অনুযায়ী, দিল্লির সামগ্রিক এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) রেকর্ড করা হয়েছে ৩৩৯, যা কিনা ৩০০-র সীমা পার করে গিয়েছে। অর্থাৎ, গত কয়েকদিনের তুলনায় বাতাসের গুণগত মান এক ধাক্কায় অনেক নিচে নেমে গেছে।
পর্যবেক্ষণ কেন্দ্রগুলির দেওয়া তথ্য অনুসারে, রাজধানীর প্রায় ৩৮টি মনিটরিং স্টেশনের বেশিরভাগ অংশেই বাতাসের মান ৩০০-র উপরে রিপোর্ট করা হয়েছে। এর অর্থ, দিওয়ালির এই উৎসবে দিল্লিতে নিঃশ্বাস নেওয়াও কঠিন হয়ে উঠেছে। চিকিৎসক ও পরিবেশবিদরা এই পরিস্থিতিতে বয়স্ক, শিশু এবং শ্বাসকষ্টের রোগীদের জন্য বিশেষভাবে সতর্কতা জারি করেছেন। তাঁদের মতে, আপাতত এই বিপজ্জনক বায়ু দূষণ থেকে বাঁচতে একান্ত প্রয়োজন না হলে ঘরের বাইরে বের না হওয়াই বুদ্ধিমানের কাজ।
এই স্মগ এবং বিষাক্ত বাতাসের উৎসবে কী কী পদক্ষেপ নেওয়া হয়, তার দিকে এখন নজর রাখছে গোটা দেশ।