দীপাবলির আগে চাঙ্গা SENSEX, NIFTY, দেখেনিন শেয়ার বাজার কাঁপাচ্ছে যে শেয়ারগুলি

উৎসবের মরসুমে শেয়ার বাজারে টাকার ঝনঝনানি। দীপাবলির ঠিক আগে সোমবার সকালে ব্যাপক উত্থান দেখা গেল ভারতীয় স্টক মার্কেটে। গত এক সপ্তাহ ধরে বাজারে যে ঘুরে দাঁড়ানোর প্রবণতা শুরু হয়েছিল, তা আজও বজায় থাকল। সেনসেক্স ও নিফটি উভয় সূচকই উর্ধ্বমুখী থাকায় লগ্নিকারীদের মধ্যে পজিটিভ আমেজ তৈরি হয়েছে।

সূচকের অবস্থান ও বিশেষজ্ঞের মত

সোমবার সকালে বাজার খুলতেই নিফটি সূচক ১১৬.৭৫ পয়েন্ট বেড়ে ২৫,৮২৪.৬০ পয়েন্টে ওপেন হয়েছে। অন্যদিকে, সেনসেক্স ৩১৫.৪০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৮৪,২৬৭.৫৯ পয়েন্টে।

বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, উৎসবের মরসুমের চাহিদা এবং বিশ্ব অর্থনীতির অনুকূল পরিবেশ এই উত্থানে বড় ভূমিকা নিয়েছে। ধনতেরাসে সোনা ও গাড়ির রেকর্ড বিক্রি হওয়ার পর আশা করা হচ্ছে নভেম্বরে ও ডিসেম্বরে বিয়ের মরসুম শুরু হলে বাজারে টাকার প্রবাহ আরও বাড়বে, যা বাজারকে আরও চাঙ্গা করবে।

তবে বাজার বিশ্লেষক অজয় বাগ্গা সতর্ক করে বলেছেন, “নিফটি এবং ব্যাঙ্ক নিফটি—দু’টিই রেজিস্ট্যান্স লেভেলের কাছে রয়েছে। তাই সকালের দিকে বাড়লেও মঙ্গলবারের ‘মুহুরত ট্রেডিং’-এর আগে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা দেখা দিলে সূচক বিকেলে কিছুটা নামতে পারে।” তিনি আরও জানান, আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি হলে বাজার আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

অপর বাজার বিশ্লেষক সুনীল গুর্জর বলেন, “নিফটি গত তিন সপ্তাহে ৪ শতাংশ বেড়েছে। নিফটি এখন ২৫,৬৫০ রেজিস্ট্যান্স এবং ২৪,৫০০ সাপোর্ট লেভেলের মধ্যে ঘোরাফেরা করছে। রেজিস্ট্যান্স ভাঙতে পারলেই বাজারে নতুন হাইয়ের রেকর্ড হবে।”

শীর্ষে যেসব স্টক

এদিনের বাজারে একাধিক ব্লু-চিপ স্টক বড় লাফ দিয়েছে। সবচেয়ে বেশি উত্থান হয়েছে আরআইএল (RIL), অ্যাক্সিস ব্যাঙ্ক এবং বাজাজ ফিনসার্ভ-এর শেয়ারে।

কোম্পানির নাম বর্তমান দাম (₹) % পরিবর্তন
আরআইএল (RIL) ১,৪৬৪.৮ ↑ ৩.৩৮%
অ্যাক্সিস ব্যাঙ্ক ১,২৩০.২ ↑ ২.৪৯%
বাজাজ ফিনসার্ভ ২,১২৯.৮ ↑ ২.২১%
ইন্ডাসইন্ড ব্যাঙ্ক ৭৬৫.১৫ ↑ ১.৮৮%
এসবিআই ৯০৪.৯ ↑ ১.৭৭%
ভারতী এয়ারটেল ২,০৩৮.৪ ↑ ১.৩১%
টিসিএস ৩,০০০ ↑ ১.২৭%

আন্তর্জাতিক বাজারেও চাঙ্গাভাব

বিশ্বজুড়েও বাজারের পরিস্থিতি অনুকূল। জাপান, হংকং, তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার এশীয় বাজারগুলিও চাঙ্গা রয়েছে। চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্য সংঘাত কিছুটা কমায় বিশ্বব্যাপী পজিটিভ ইঙ্গিত মিলেছে।

উল্লেখ্য, এই বছর মুহুরত ট্রেডিং হবে ২১ অক্টোবর, মঙ্গলবার, দুপুর ১টা ৪৫ মিনিটে। এক ঘণ্টা ধরে চলবে এই প্রতীকী ট্রেডিং। এরপর বুধবার বাজার বন্ধ থাকবে।