‘২৪ ঘণ্টার মধ্যে ৩০৩ জন মাওবাদীর আত্মসমর্পণ’, মাওবাদী দমনে যা বললেন প্রধানমন্ত্রী

গত কয়েকদিনে মাওবাদীদের আত্মসমর্পণের ঘটনা বৃদ্ধির মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দাবি করলেন, সরকারের কঠোর পদক্ষেপের ফলে মাওবাদী-প্রভাবিত জেলার সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে। শুক্রবার রাতে এনডিটিভি ওয়ার্ল্ড সামিট ২০২৫-এ এসে প্রধানমন্ত্রী জানান, গত ২৪ ঘণ্টায় ৩০০ জনেরও বেশি মাওবাদী আত্মসমর্পণ করেছে।
প্রধানমন্ত্রীর দাবি, বিজেপি সরকারের কঠোর অভিযানের কারণে মাওবাদী-প্রভাবিত জেলাগুলোর সংখ্যা এক যুগ আগের ১২৫ থেকে সংকুচিত হয়ে এখন মাত্র ১১-তে এসে দাঁড়িয়েছে।
দীর্ঘ ৫০-৫৫ বছরের মধ্যে মাওবাদী সন্ত্রাসে হাজার হাজার মানুষ নিহত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, “এই নকশালরা এতদিন স্কুল বা হাসপাতাল গড়ে তুলতে দিত না, ডাক্তারদের ক্লিনিকে প্রবেশ করতে দেয়নি। তারা প্রতিষ্ঠানগুলিতে বোমা হামলা চালাত।” তিনি আরও বলেন, সরকারে আসার পর থেকেই বিপথগামী যুবকদের মূলধারায় ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে তাঁর সরকার।
মোদী বলেন, “আজ দেশ এই প্রচেষ্টার ফলাফল দেখতে পাচ্ছে। এখন, ৩০৩ জন নকশাল আত্মসমর্পণ করেছে। এরা কেউ সাধারণ মানুষ ছিল না। তাদের মাথায় পুরস্কার ছিল, এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করা হয়েছে।” উল্লেখ্য, শুক্রবারই ছত্তিসগড়ের বস্তার ডিভিশনের জগদলপুরের হেডকোয়ার্টারে ২১০ জন মাওবাদী আত্মসমর্পণ করেছিলেন।
প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় ছত্তিসগড়ের বস্তারের কথা তুলে ধরেন। তিনি বলেন, “একটা সময়ে বস্তারের নাম কাগজের শিরোনামে আসত গাড়ি বিস্ফোরণ ও নিরাপত্তা কর্মীদের নিহত হওয়ার ঘটনায়। আর এখন সেখানকার যুবকরা অলিম্পিকের আয়োজন করছে।” তাঁর মতে, কেন্দ্রীয় কমিটির সদস্য রূপেশ ওরফে সতীশ কোফার নেতৃত্বে ১৫০ জনেরও বেশি মাওবাদী অস্ত্র রেখে মূলধারায় যোগদানের পর বস্তারে এই বদল এসেছে।
মাওবাদী হামলার শিকারদের দুর্দশার কথা স্মরণ করিয়ে প্রধানমন্ত্রী বলেন, এই পরিবর্তনের কৃতিত্ব মোদী সরকারকেই প্রাপ্য। সরকারের এই প্রচেষ্টার ফলেই মাওবাদী দমনে দেশ সাফল্য পাচ্ছে বলে জোর দিয়ে ঘোষণা করেন প্রধানমন্ত্রী।