৮ দিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন দুর্গাপুরের নির্যাতিতা ডাক্তারি ছাত্রী! নিরাপত্তা দিতে বাইরে পুলিশ মোতায়েন

দুর্গাপুরের ধর্ষণ কাণ্ডে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া আট দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন। শুক্রবার তাঁকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হলেও, তিনি মেডিক্যাল কলেজের হস্টেলে ফেরেননি। বর্তমানে তাঁকে মেডিক্যাল কলেজ ক্যাম্পাসের মধ্যেই একটি বিশেষ কক্ষে রাখা হয়েছে।
নির্যাতিতা ওই তরুণীর সঙ্গে রয়েছেন তাঁর মা। তাঁদের সম্পূর্ণ নিরাপত্তার জন্য কক্ষের বাইরে পুলিশ মোতায়েন করা হয়েছে। এই পদক্ষেপ নেওয়া হয়েছে তরুণীর শারীরিক ও মানসিক সুরক্ষার কথা মাথায় রেখে।
গত ১০ অক্টোবর দ্বিতীয় বর্ষের ওই ডাক্তারি পড়ুয়াকে মেডিক্যাল কলেজের বাইরের জঙ্গলে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পরই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার তদন্তে নেমে পুলিশ মোট ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের মধ্যে পাঁচজন মেডিক্যাল কলেজের লাগোয়া গ্রামের যুবক এবং একজন ওই তরুণীর সহপাঠী—যাঁর সঙ্গে তিনি সেদিন বাইরে গিয়েছিলেন। সকলেই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
মেডিক্যাল কলেজের পক্ষ থেকে প্রেস বিবৃতিতে জানানো হয়, বিশেষজ্ঞ চিকিৎসকদের পর্যালোচনার পরেই ওই ডাক্তারি পড়ুয়াকে হাসপাতাল থেকে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
জানা গিয়েছে, দিন তিনেক আগে ‘নির্যাতিতা’-র গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তাঁর বাবা আগে জানিয়েছিলেন, গোপন জবানবন্দির পর মেয়েকে তিনি ওড়িশায় নিয়ে চলে যাবেন। তবে হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর এখনও তাঁকে ওড়িশা নিয়ে যাওয়ার কোনো পদক্ষেপ করা হয়নি।
উল্লেখ্য, ঘটনার পুনর্নির্মাণের জন্য গত সোমবার ধৃতদের জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছিল। নির্যাতিতা ও তাঁর সহপাঠী যে পথ দিয়ে গিয়েছিলেন, সেই রাস্তাও খতিয়ে দেখেছে পুলিশ।