‘টি-২০ ক্যাপ্টেনশিপ হাতছাড়া হতে পারে’, শুভমান গিলকে সহ-অধিনায়ক করার পর অকপট সূর্যকুমার যাদব!

ভারতের টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমান গিলকে টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক করায়, টি-২০ অধিনায়কত্ব হারানোর ভয় পাচ্ছেন বলে খোলাখুলি স্বীকার করলেন তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদব। যদিও তিনি স্পষ্ট জানিয়েছেন, এই ভয় তাঁকে আরও ভালো পারফর্ম করতে অনুপ্রাণিত করে।

সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ফর্মে না থাকলেও, এশিয়া কাপের জন্য ভারতীয় দলে গিলকে সহ-অধিনায়ক হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর পরই একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের মনের কথা বলেন সূর্যকুমার।

অধিনায়কত্বের বিষয়টি নিয়ে সূর্যকুমার যাদব বলেন, “সত্যি বলতে গেলে, শুভমানের দুটি ফরম্যাটে অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হওয়ায় আমারও ভয় আছে যে, টি-টোয়েন্টি অধিনায়কত্ব হয়ত হাতছাড়া হয়ে যাবে। কিন্তু এটা আমাদের আরও ভালো পারফর্ম করতে সাহায্য করে।”

তবে এই ভয়কে তিনি নিজের পারফরম্যান্সে প্রভাব ফেলতে দেন না বলেই জানান। ভারতীয় এই তারকা বলেন, “যদি ভয় আমার খেলাকে প্রভাবিত করত, তাহলে আমি আন্তর্জাতিক ক্রিকেটে একটা বলও খেলতাম না। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক ম্যাচে প্রথম বলেই ছক্কা হাঁকাতে পেরেছিলাম এই নির্ভীকতার কারণেই। আমি কখনোই ওই শট খেলতাম না।”

তিনি আরও যোগ করেন, “পদ হারানোর ভয় আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি। আমি শুধু বিশ্বাস করি যে, কঠোর পরিশ্রম করলে তার ফল পাওয়া যায়।”

মাঠের বাইরেও শুভমান গিলের সঙ্গে তাঁর বন্ধুত্বের কথা তুলে ধরে সূর্যকুমার জানান, “মাঠের ভিতরে ও বাইরে ওর সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব। আমি শুভমানকে ব্যক্তিগতভাবে এবং খেলোয়াড় হিসেবে খুব ভালোভাবে চিনি। গিলকে দুটি ফরম্যাটে অধিনায়ক নির্বাচিত করায় আমি ভীষণ খুশি হয়েছি।”

সাম্প্রতিক সময়ে সূর্যকুমারের ব্যাট জ্বলে না উঠলেও, তাঁর এই অকপট স্বীকারোক্তি এবং কঠিন লড়াইয়ের মানসিকতা ভক্তদের মধ্যে নতুন করে উৎসাহ যুগিয়েছে।