সঙ্গমের পবিত্রতা, আইআইটি বাবা থেকে মোনালিসা! ধূপগুড়ির কালীপুজোর এই থিম দেখতে ভিড় জমবে দূর-দূরান্ত থেকে

কুম্ভ মেলার সেই নেট দুনিয়ায় তোলপাড় করা আইআইটি সাধুবাবা এবং রুদ্রাক্ষ বিক্রেতা ‘মোনালিসা’-র দেখা মিলবে এবার উত্তরবঙ্গে! কালীপুজো উপলক্ষে জলপাইগুড়ির ধূপগুড়িতে দর্শকদের জন্য এক দুর্দান্ত চমক নিয়ে আসছে বৈরাতিগুড়ি সর্বজনীন শ্রী শ্রী কালীপুজো কমিটি।
আসন্ন কালীপুজোয় ধূপগুড়ির এই মণ্ডপে এবার থিম হল ‘কুম্ভ ২০২৫’। উত্তরবঙ্গের মাটিতে কুম্ভ মেলার পবিত্র পরিবেশ এবং সাধু সমাজের জীবনচিত্র ফুটিয়ে তোলা হবে। মণ্ডপে ঢুকলেই দর্শনার্থীদের মনে হবে যেন তাঁরা পৌঁছে গিয়েছেন প্রয়াগরাজে—গঙ্গা, যমুনা ও সরস্বতীর মিলনস্থলে।
মণ্ডপে থাকছে ভাইরাল চরিত্ররা:
কালীপুজোর এই আয়োজনে থাকছে একাধিক ভাইরাল চরিত্র এবং বিশেষ ভাস্কর্য:
কুম্ভ মেলার ভাইরাল হওয়া রুদ্রাক্ষ বিক্রেতা নারী ‘মোনালিসা’ ওরফে মোনা।
নেট দুনিয়ায় আলোড়ন সৃষ্টি করা ‘আইআইটি বাবা’।
ছাই মাখা তপস্বী, এক হাত উঁচু করে থাকা সন্ন্যাসী, এবং কাটার বিছানায় শুয়ে থাকা সাধুদের জীবনযাত্রা ফুটিয়ে তোলা হবে ভাস্কর্যের মাধ্যমে।
পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন, “আমরা চেয়েছিলাম কালীপুজোর মণ্ডপে আধ্যাত্মিকতার রঙ মিশিয়ে কিছু ভিন্ন চিন্তা আনতে। কুম্ভ মেলা ধর্মীয় অনুষ্ঠান তো বটেই, সঙ্গে মানুষের মিলনের প্রতীকও। সেই ভাবনাটাই আমরা তুলে ধরেছি।”
রঙিন আলো, নদীর স্রোত, সাধুদের মূর্তি এবং আধ্যাত্মিক সঙ্গীতের মেলবন্ধনে বৈরাতিগুড়ি ক্লাবের এই মণ্ডপটি এবছর দর্শনার্থীদের কাছে এক অন্য অভিজ্ঞতা নিয়ে আসবে। বরাবরই অভিনব থিমের জন্য পরিচিত এই মণ্ডপটি দূর-দূরান্তের দর্শনার্থীদের কাছে এই বছর বড় আকর্ষণ হতে চলেছে। সত্যিই, এ যেন উত্তরবঙ্গের মাটিতে এক অনন্য ‘সঙ্গম’।