IRCTC-ওয়েবসাইট ডাউন, টাকা কেটে গিয়েছে; কিন্তু টিকিট নেই, কীভাবে ফেরত পাবেন?

উৎসবের মরশুমে বড়সড় বিপত্তি! শুক্রবার সকাল থেকে আচমকা ‘ক্র্যাশ’ করলো ভারতীয় রেলের টিকিট বুকিংয়ের প্রধান মাধ্যম IRCTC-র ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন। দীপাবলি এবং ছট পূজার মতো গুরুত্বপূর্ণ উৎসবের আগে যখন লক্ষ লক্ষ মানুষ তৎকাল টিকিট বুক করার জন্য একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছেন, তখনই এই পরিষেবা বিভ্রাটে চরম ভোগান্তির শিকার হলেন যাত্রীরা।

সকাল ১০টা নাগাদ হঠাৎ করেই IRCTC অ্যাপ ও ওয়েবসাইট বন্ধ হয়ে যায়। অধিকাংশ ব্যবহারকারী লগ ইন করার চেষ্টা করলে “সার্ভার অনুপলব্ধ” বা “Server Unavailable” বার্তা দেখতে পান। ঘণ্টার পর ঘণ্টা পেরিয়ে গেলেও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দিয়েছেন হাজার হাজার মানুষ।

কেন এই বিভ্রাট?

IRCTC-র ওয়েবসাইট এবং অ্যাপ বন্ধ থাকার সঠিক কারণ কর্তৃপক্ষ এখনও প্রকাশ করেনি। তবে বিশেষজ্ঞদের অনুমান, এটি সম্ভবত অতিরিক্ত ট্রাফিকের ফল। দীপাবলি ও ছট পূজার জন্য বিপুল সংখ্যক ব্যবহারকারী একই সময়ে তৎকাল টিকিট বুক করার চেষ্টা করায় সার্ভারে অতিরিক্ত চাপ পড়ে এবং সিস্টেম ক্র্যাশ করে। ওয়েবসাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডাউন ডিটেক্টরেও ৫,০০০-এর বেশি মানুষ এই সমস্যার রিপোর্ট করেছেন।

টাকা আটকে গেলে কী করবেন?

ট্রেনের টিকিট বুকিংয়ের সময় পেমেন্ট ব্যর্থ হলে যাত্রীদের মধ্যে বড় আতঙ্ক সৃষ্টি হয়। IRCTC জানিয়েছে, পেমেন্ট ফেল হলে ভয় পাওয়ার কিছু নেই:

ব্যর্থ লেনদেনের ক্ষেত্রে ৩ থেকে ৫ কর্মদিবসের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে রিফান্ড প্রক্রিয়া শুরু হয়। তবে সর্বোচ্চ ২১ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

নির্ধারিত সময়ের মধ্যে টাকা ফেরত না পেলে IRCTC-এর কাস্টমার কেয়ার নম্বর 8044647999 অথবা 8035734999-এ ফোন করা যেতে পারে।

অথবা, care@irctc.co.in এই অফিসিয়াল ইমেল আইডিতে ব্যর্থ লেনদেনের স্ক্রিনশট সহ অভিযোগ জানানো যেতে পারে।

জরুরি পরিস্থিতিতে বিকল্প পথ ও হেল্পলাইন:

যদিও মূল ওয়েবসাইট এবং অ্যাপ বন্ধ, কিছু ব্যবহারকারী জানিয়েছেন যে ‘RailOne’ অ্যাপটি কাজ করছে। তবে এই অ্যাপের মাধ্যমে টিকিট বুক করার সময়ও সমস্যার সম্মুখীন হচ্ছেন অনেকে।

টিকিট বাতিল বা টিডিআর করার জন্য যাত্রীরা 8044647999 অথবা 8035734999 নম্বরে ফোন করতে পারেন। এছাড়া, etickets@rcte.co.in ইমেল আইডিতেও জানানো যাবে অভিযোগ।

সোশ্যাল মিডিয়ায় মিমের বন্যা:

উৎসবের মরশুমে বারবার IRCTC-র সার্ভার সমস্যার সম্মুখীন হওয়ায় মানুষ চরম বিরক্ত। ওয়েবসাইট ক্র্যাশ করার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ, হতাশা এবং একই সঙ্গে মজার মজার মিম দিয়ে ভরে উঠেছে। অনেকে টিকিট না কাটতে পারার হতাশা প্রকাশ করেছেন মিমের মাধ্যমে। অতীতেও বহুবার উৎসবের মরশুমে এই একই সমস্যার মুখোমুখি হয়েছে ভারতীয় রেল।