‘আমি গর্বিত আমার বাবাকে নিয়ে, ওঁর সব স্বপ্ন পূরণ করব’! বাবার শেষযাত্রায় দাঁড়িয়ে কিশোরের প্রতিজ্ঞা,

হরিয়ানার রোহতকে সাইবার সেলে কর্মরত এএসআই সন্দীপ কুমার লাঠার (Sandip Kumar Lathar)-এর রহস্যজনক আত্মহত্যাকে কেন্দ্র করে গোটা হরিয়ানা প্রশাসন নড়েচড়ে বসেছে। লাঠারের শেষকৃত্যে তাঁর ছেলের আবেগঘন প্রতিজ্ঞা উপস্থিত সকলকে স্তব্ধ করে দেয়। কাঁপা কাঁপা গলায় কিশোরটি বলে, “আমি গর্বিত আমার বাবাকে নিয়ে। ওঁর সব স্বপ্ন আমি পূরণ করব।”
দুই অফিসারের রহস্যমৃত্যুর যোগসূত্র:
লাঠারের আত্মহত্যার আগে লেখা একটি সুইসাইড নোট থেকে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। সেই নোটে তিনি অভিযোগ করেন আইপিএস অফিসার ওয়াই পুরণ কুমার-এর বিরুদ্ধে, যিনি সম্প্রতি চণ্ডীগড়ে আত্মহত্যা করেন। এই দুই পুলিশ অফিসারের মৃত্যুর যোগসূত্রেই গোটা হরিয়ানা প্রশাসন এখন চিন্তিত। লাঠারের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে আত্মহত্যায় প্ররোচনার মামলা (FIR) দায়ের হয়েছে এবং পুলিশ তাঁর তৈরি করা একটি ভিডিও-ও উদ্ধার করেছে।
লাঠারের মেয়ে সংবাদমাধ্যমকে বলেন, “আমার বাবা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে গিয়ে প্রাণ দিয়েছেন। উনি শহিদ।”
সরকারের সহায়তা ও প্রতিশ্রতি:
লাঠারের মৃত্যুর পর পরিবারের শোকযাত্রা প্রতিবাদে রূপ নেয়। শতাধিক যুবক মোটরবাইকে জাতীয় পতাকা হাতে লাঠারের দেহের সঙ্গে শেষকৃত্যে যোগ দেন।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর ঘোষণা করেন, “লাঠারের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়া হবে। তাঁর সন্তানদের পড়াশোনার সমস্ত দায় নেবে রাজ্য সরকার।”
হরিয়ানার ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) ওপি সিং জানান, এমন পরিস্থিতি যাতে আর না হয়, তা নিশ্চিত করতে অফিসারদের পারিবারিক সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, পুরণ কুমারের মৃত্যুর কারণ অনুসন্ধানে চণ্ডীগড় পুলিশ ইতিমধ্যেই ছয় সদস্যের বিশেষ তদন্ত দল (SIT) তৈরি করেছে।
এই দুই রহস্যমৃত্যুর তদন্ত কত দূর এগোয়, এখন সেদিকেই নজর গোটা দেশের।