১৬ বছর পর ফিরছেন বাবা-মেয়ে! রঞ্জিত মল্লিককে কেন ভয় পেতেন কোয়েল? মুখ খুললেন নায়িকা

দীর্ঘ প্রায় ১৬ বছর পর বড় পর্দায় ফিরছে বাংলা সিনেমার জনপ্রিয় বাবা-মেয়ের জুটি—রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। তাঁদের আসন্ন ছবি ‘স্বার্থপর’ নিয়ে আলোচনা করতে গিয়ে অভিনেত্রী কোয়েল মল্লিক ফাঁস করলেন পারিবারিক জীবনের নানা অজানা গল্প। একসময় সিনেমায় যিনি ছিলেন ন্যায়পরায়ণ ‘অ্যাংরি ইয়ংম্যান’, সেই রঞ্জিত মল্লিক বাড়িতে কেমন মানুষ?

রঞ্জিত মল্লিককে কি ভয় পেতেন কোয়েল? এই প্রশ্নের উত্তরে অভিনেত্রী টিভিনাইন বাংলাকে বলেন, “বাবা আমার কাছে একটা বয়সের পর বন্ধু হয়ে গিয়েছিলেন। বাবার থেকে জীবন দর্শন শিখেছি।” কোয়েলের মতে, কাজের জীবনের অভিজ্ঞতা ও বহু মানুষের সঙ্গে মেলামেশার কারণে বাবার কাছ থেকে অনেক কিছু শেখা সম্ভব। তিনি আরও জানান, তাঁর জীবনে বাবার প্রভাব অনেক বেশি।

কোয়েল বলেন, “বাবা বকাঝকা করার মানুষ নন। বাবার যদি কোনো বিষয়ে রাগ হয়, বাবা কথা বন্ধ করে দেন। আর এটাই সবচেয়ে ভয়ের বিষয়।” কোয়েল মনে করেন, বাবা কথা বন্ধ করে দিলেই সমস্যা, কারণ কথা বললে বোঝা যায় রাগ কমেছে।

অভিনেত্রী স্মৃতিচারণ করে বলেন, ছোটবেলায় বাবা শুটিং থেকে ফিরলে রোজ বিকেলে তাঁরা একসঙ্গে আড্ডা-গল্প করতেন। এমন কোনও সন্ধ্যা হতো না, যখন তাঁরা মল্লিক বাড়িতে যেতেন না, আর সেই কারণেই পরিবারে তাঁরা আজও যুক্ত। কোয়েল বলেন, “বাবা খুব ডিসিপ্লিন একজন মানুষ। নিয়মানুবর্তিতা বাবার থেকেই শিখেছি। আমার পরবর্তী প্রজন্মকেও সেটাই শেখানোর চেষ্টা করছি।”

বাবার কোন ছবি তাঁর সবচেয়ে বেশি পছন্দ? এই প্রসঙ্গে কোয়েল বলেন, “বাবার অনেক ছবি আমার পছন্দ। ‘মৌচাক’ ছবি আমি কেন সবাই মনে রাখবে, যতদিন বাংলা ছবি থাকবে ততদিন এই ছবিটি থাকবে।” তবে কোয়েলের সবচেয়ে বেশি পছন্দ ‘শত্রু’ ছবিতে রঞ্জিত মল্লিকের ন্যায়পরায়ণ পুলিশ অফিসারের চরিত্রটি। তিনি বলেন, সেই সময় নাকি সব পুলিশকর্মীদের এই ছবিটি উদাহরণ হিসেবে দেখানো হতো।

এছাড়াও ‘শাখাপ্রশাখা’ এবং বাবার প্রথম ছবি ‘ইন্টারভিউ’-এর কথাও উল্লেখ করেন কোয়েল। তিনি বলেন, “ইন্টারভিউয়ের কথা কী বলব? এটা যে বাবার প্রথম সিনেমায় অভিনয় বোঝাই যাচ্ছে না। সাবলীল অভিনয়। প্রতিটা দৃশ্য অসাধারণ।”