‘আমি তোমাদের আসতে বলিনি’, মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের দেখে মেজাজ হারালেন যশপ্রীত বুমরা

ক্রিকেট মাঠে শান্ত স্বভাবের জন্যই পরিচিত তারকা পেসার যশপ্রীত বুমরা। কিন্তু মুম্বই বিমানবন্দরে পাপারাজ্জিদের অত্যাচারে নিজেকে আর সামলাতে পারলেন না তিনি। দিল্লি টেস্ট শেষে শহরে ফেরার পর বিমানবন্দরের বাইরে বেরোনোর সময় ফটোগ্রাফাররা তাঁকে ঘিরে ধরলে মেজাজ হারান ভারতীয় দলের এই বোলার। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটি এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়, পাপারাজ্জিদের ভিড় দেখে বিরক্ত বুমরা স্পষ্ট ভাষায় বলেন, “আমি তোমাদের আসতে বলিনি। তোমরা অন্য কারোর জন্য এসেছো। ওরা নিশ্চয়ই আসছে।” তবে তারকা ক্রিকেটারের কথায় কর্ণপাত না করে ফটোগ্রাফাররা তখনও ছবির জন্য অনুরোধ চালিয়ে যান। এর মধ্যে এক ফটোগ্রাফার তাঁকে উদ্দেশ্য করে বলেন, “বুমরা ভাই, আপনি আমাদের দিওয়ালির বোনাস।” এই মন্তব্যেও অবশ্য পেসার শান্ত হননি। জবাবে বিরক্তি চেপে বলেন, “আরে ভাই, আমাকে গাড়ির কাছে যেতে দাও।”

প্রসঙ্গত, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনে একটি ডিআরএস রিভিউ বুমরার বিরুদ্ধে যাওয়ায় তিনি আম্পায়ারের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন। বুমরার বলে স্ট্যাম্পের সামনে থাকা ব্যাটার ক্যাম্পবেলকে আউট না দেওয়ায়, ভারতীয় দল ডিআরএস নেয়। তবে টেকনোলজিতে আউট না হওয়ায় বুমরা বোলিং লাইন আপে ফেরার আগে আম্পায়ারকে বলেন, “তুমি জানতে এটা আউট। কিন্তু টেকনোলজি সেটা প্রমাণ করতে পারেনি।” এই বার্তা স্টাম্প মাইকে ধরা পড়েছিল।

অন্যদিকে, ইংল্যান্ডের বিরুদ্ধে দুটো টেস্টে না খেলার পর এশিয়া কাপে তাঁর ফেরা ওয়ার্কলোড ম্যানেজমেন্ট প্রসঙ্গ উস্কে দিয়েছে। সামনে টিম ইন্ডিয়ার টানা ম্যাচের সূচি থাকায় তাঁর ওয়ার্কলোড কীভাবে সামলানো হবে, তা নিয়ে প্রশ্ন উঠছে। টি-২০ বিশ্বকাপের পর প্রথম সাদা বলের সিরিজে তাঁর প্রত্যাবর্তন নিয়ে অনেকেই সংশয়ী ছিলেন। ভারতের প্রাক্তন ক্রিকেটার অজয় জাদেজা তো মশকরা করে বলেছিলেন, সংযুক্ত আরব আমিরশাহির মতো তুলনামূলক সহজ দলের বিরুদ্ধে বুমরাকে খেলানোর দরকার নেই।