দীপাবলির স্পেশাল মিষ্টি! ঘরোয়া উপায়ে ঝটপট বানান ‘আটার হালুয়া’, দোকানের মিষ্টিকে টেক্কা দিন

দরজায় কড়া নাড়ছে আলোর উৎসব দীপাবলি। এই উৎসবের দিনে আপনার বাড়িতে নিশ্চয়ই বহু অতিথির আগমন ঘটবে। অতিথি আপ্যায়নে নানা ধরনের পদের পর যদি শেষে থাকে মন ভালো করা মিষ্টি, তবে তো উৎসব একেবারে জমে যাবে! মিষ্টি মানেই সবসময় দোকান থেকে কেনা নয়, বরং সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন ঐতিহ্যবাহী ও সুস্বাদু ‘আটার হালুয়া’। নিচে তার সহজ রেসিপি দেওয়া হলো:

উপকরণ:

আটা: ১ কাপ

ঘি: ১/২ কাপ

চিনি: ১ কাপ (বা স্বাদ অনুযায়ী)

জল অথবা দুধ: ২ কাপ

এলাচ গুঁড়ো: ১/২ চা চামচ

বাদাম ও কিশমিশ: সাজানোর জন্য

প্রণালী:

১. প্রথমে একটি প্যানে (কড়াই) ঘি গরম করুন। ঘি গরম হলে তাতে আটা দিয়ে দিন।

২. মাঝারি আঁচে আটা সোনালী হওয়া পর্যন্ত ভাজুন। এই প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে প্রায় ৮ থেকে ১০ মিনিট সময় লাগতে পারে। আটা ভাজার সময় ক্রমাগত নাড়তে থাকুন যাতে তা পুড়ে না যায়।

৩. আটা সুন্দরভাবে ভাজা হয়ে গেলে, তাতে চিনি এবং জল বা দুধ মিশিয়ে দিন।

৪. এরপর আঁচ কমিয়ে অল্প আঁচে মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন। হালুয়া ধীরে ধীরে ঘন হয়ে আসবে এবং একসময় প্যানের গা ছেড়ে দেবে।

৫. হালুয়া তৈরি হলে তাতে এলাচ গুঁড়ো মিশিয়ে দিন এবং ভালোভাবে নেড়ে নিন।

৬. এবার হালুয়া একটি পাত্রে ঢেলে নিন এবং উপরে বাদাম ও কিশমিশ ছড়িয়ে সাজিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন এই সুস্বাদু আটার হালুয়া।