‘নতুন যুগে পাশ করতে পারবেন না অনেকে’! কেন কর্মীদের কড়া হুঁশিয়ারি দিলেন অ্যামাজন CEO?

প্রযুক্তি সংস্থা অ্যামাজনে ফের শুরু হতে চলেছে বড় ধরনের কর্মী ছাঁটাই। শোনা যাচ্ছে, এবার একধাক্কায় মোট কর্পোরেট কর্মীদের মধ্যে ১৫ শতাংশ পর্যন্ত ছাঁটাই করা হতে পারে। মূলত সংস্থার মানবসম্পদ বিভাগ বা হিউম্যান রিসোর্স (HR) বিভাগ থেকেই কর্মীদের ওপর সবচেয়ে বেশি কোপ পড়বে।
একাধিক সূত্রে খবর, এই ছাঁটাইয়ের মধ্যে অধিকাংশই মানবসম্পদ বিভাগ থেকে করা হবে, যদিও অন্যান্য বিভাগেও কর্মী ছাঁটাইয়ের সম্ভাবনা রয়েছে। এই পদক্ষেপকে সংস্থার অভ্যন্তরে ‘খোলনচে বদলানোর’ পরিকল্পনা হিসেবে দেখা হচ্ছে।
ছাঁটাইয়ের নেপথ্যে AI ও ক্লাউড অপারেশন:
এই ব্যাপক ছাঁটাইয়ের পিছনেও মূল কারণ হিসেবে দায়ী করা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এবং ক্লাউড অপারেশনকে। জানা গিয়েছে, অ্যামাজন চলতি বছরে নেক্সট জেনারেশন ডেটা সেন্টার তৈরি করার জন্য ১০০ বিলিয়ন ডলার খরচ করার পরিকল্পনা করেছে। সংস্থার অভ্যন্তরে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এন্টারপ্রাইজ ক্লায়েন্টের জন্য এই ডেটা সেন্টার ব্যবহার করা হবে।
অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি এই প্রসঙ্গে আগেই কর্মীদের সতর্ক করে দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, নতুন যুগ এআই দ্বারাই পরিচালিত হবে এবং সকল কর্মী এই পরিবর্তনে টিকে থাকতে পারবেন না। তাঁর কথায়, “যারা কৃত্রিম বুদ্ধিমত্তার সঠিক ব্যবহার করতে পারবেন, তারাই টিকে থাকবেন।”
প্রসঙ্গত, এর আগে ২০২২-২৩ সালের মধ্যে অ্যামাজন প্রায় ২৭ হাজার কর্মী ছাঁটাই করেছিল। সেই সময় কারণ হিসেবে দেখানো হয়েছিল যে কোভিডকালে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ করা হয়েছিল, যা বর্তমানে আর প্রয়োজন নেই।
উৎসবের মরসুমে নিয়োগ:
এদিকে যখন কর্পোরেট কর্মীদের ছাঁটাইয়ের ঘোষণা করা হচ্ছে, ঠিক সেই সময়েই উৎসবের মরশুমের জন্য কর্মী নিয়োগেরও ঘোষণা করেছে অ্যামাজন। সামনে দিওয়ালি ও ক্রিসমাসের মতো উৎসবের জন্য আমেরিকার ওয়ারহাউসে প্রায় ১ লক্ষ ৫০ হাজার অস্থায়ী কর্মী নিয়োগ করা হবে। এক দিকে ছাঁটাই এবং অন্য দিকে বিপুল সংখ্যক নিয়োগের এই বিপরীত কৌশল সংস্থায় আলোচনার জন্ম দিয়েছে।