“নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে…” তমন্না ভাটিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে ফের বিতর্কে অন্নু কাপুর

বলিউডের বর্ষীয়ান অভিনেতা অন্নু কাপুর আবারও খবরের শিরোনামে। তবে এবার কোনো নতুন সিনেমা নয়, বরং নওয়াজউদ্দিন সিদ্দিকি এবং অভিনেত্রী তমন্না ভাটিয়াকে নিয়ে তাঁর একাধিক বিস্ফোরক ও বিতর্কিত মন্তব্যের কারণে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার বিস্তারিত তুলে ধরলেন তিনি।

অন্নু কাপুর জানান, কয়েক বছর আগে গোয়ায় একটি ক্লাব ইভেন্টে তাঁকে অতিথি হিসেবে ডাকা হয়েছিল, যেখানে নওয়াজউদ্দিন সিদ্দিকির সঙ্গে তাঁর কথোপকথনের আয়োজন করা হয়। প্রথমে নওয়াজের শিক্ষাগত যোগ্যতা এবং রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি দেখে মুগ্ধ হয়েছিলেন তিনি।

কিন্তু অন্নুর দাবি, খুব কম সময়ের মধ্যেই তাঁর সেই মুগ্ধতা উধাও হয়ে যায়। পরিবেশ হালকা করতে তিনি যখন প্রেম ও সম্পর্ক নিয়ে আলোচনা শুরু করেন, তখন নওয়াজ বলেন, ‘আরে, অনেকেই জীবনে এসেছে আর চলেও গিয়েছে।’ অন্নুর মতে, নওয়াজ যেভাবে এই মন্তব্য করেছিলেন, তা শুনে তাঁর মনে হয়েছিল অভিনেতা ‘ভীষণ ফালতু মানসিকতার লোক’। নইলে এমন সস্তা মন্তব্য কেউ করে না।

সম্পর্ক পোক্ত হয়নি? এই প্রশ্নে সায় দিয়ে অন্নু হাসতে হাসতে বলেন, “নওয়াজের তো কিছু বলারই ছিল না। আমাকেই একটানা কথা বলতে হয়েছে। পরে আয়োজকরা এসে অভিযোগ করল, ‘স্যার, আপনি একাই কথা বললেন।’ আমি বললাম, ‘আপনারা কেমন লোক এনে দিলেন, যার বলার কিছুই নেই? ও আমাকে অসম্মান করেনি, ও নিজেকেই করেছে।’”

নওয়াজউদ্দিনের পাশাপাশি, অভিনেত্রী তমন্না ভাটিয়াকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করে প্রবল সমালোচিত হচ্ছেন অন্নু কাপুর। তমন্নার ‘আজ কি রাত’ গানের জনপ্রিয়তা নিয়ে বলতে গিয়ে বর্ষীয়ান অভিনেতা বলেন, “মাশাআল্লাহ! কী সুন্দর দুধের মতো শরীর।”

তমন্নার মন্তব্যকে খোঁচা দিয়ে অন্নু আরও বলেন, “কত বছর বয়সের বাচ্চারা এই গান শুনে ঘুমোতে যায়? ৭০ বছরের বাচ্চাও হতে পারে। আমি হলে জানতে চাইতাম, এই বাচ্চাদের বয়স কত।” এখানেই না থেমে তিনি বলেন, “বোন, নিজের গান দিয়ে, নিজের শরীর দিয়ে, দুধের মতো চেহারা দিয়ে আমাদের বাচ্চাদের ঘুম পাড়ায়। খুব ভাল কথা। দেশের সত্যিই উপকার হচ্ছে। আমাদের বাচ্চাদের নির্ভেজাল ঘুম হচ্ছে।”

উল্লেখ্য, অন্নু কাপুরকে সম্প্রতি ‘জলি এলএলবি ৩’-এ দেখা যাবে। অন্যদিকে, নওয়াজউদ্দিন সিদ্দিকি তাঁর আসন্ন ছবি ‘থাম্মা’-র মুক্তির অপেক্ষায় আছেন।