ধস-বন্যায় পর্যটক শূন্য উত্তর! ট্যুরিজম ধরে রাখতে নয়া মাস্টারপ্ল্যান তারাপীঠের, বিরাট ঘোষণা হোটেল অ্যাসোসিয়েশনের

গত এক সপ্তাহ ধরে আবহাওয়া দফতরের আগাম সতর্কতা অনুযায়ী উত্তরবঙ্গে প্রবল বৃষ্টি, ধস ও বন্যায় পাহাড় থেকে সমতল সর্বত্র নেমে এসেছে বিপর্যয়। সেতু, কালভার্ট, বাড়িঘর ভেঙে একাধিক মৃত্যুর খবর এসেছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হলেও, বহু পর্যটকই টিকিট বাতিল করে উত্তরবঙ্গ সফর স্থগিত করছেন। ফলে উৎসবের মরসুমে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাচ্ছে অনেকেরই।

তবে পর্যটকদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। কারণ এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের বিকল্প হিসেবে সেজে উঠেছে বীরভূমের বোলপুর শান্তিনিকেতন এবং তারাপীঠ।

উত্তরবঙ্গ সফর বাতিল করা পর্যটকদের কথা মাথায় রেখে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশন এই চলতি দুই মাসের জন্য হোটেল ভাড়ার ক্ষেত্রে বিরাট ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান, সাধারণত দুর্গাপূজার পর থেকে শীতের মরশুম পর্যন্ত হোটেল ভাড়ায় কিছুটা ছাড় দেওয়া হয়। কিন্তু এবার উত্তরবঙ্গের জটিল পরিস্থিতির কারণে পর্যটকেরা যখন বিকল্প খুঁজছেন, তখন তাঁদের সুবিধার্থে তারাপীঠের হোটেল ভাড়ার ক্ষেত্রে প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত বোলপুর শান্তিনিকেতনের বেসরকারি হোটেল মালিক কৌশিক বিশ্বাস জানান, ইতিমধ্যেই অনেকেই উত্তরবঙ্গ সফর বাতিল করে বোলপুরে আসতে শুরু করেছেন। সামনে কালীপুজো থাকায় হোটেল বুকিংও ভালো হচ্ছে। আর সেই কারণে বোলপুরের হোটেল ভাড়ার ক্ষেত্রে প্রায় ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে।

বন্যা-বিপর্যয়ের ফলে উত্তরবঙ্গ যখন পর্যটকশূন্য, তখন তারাপীঠ ও শান্তিনিকেতনের এই বিশেষ ছাড়ের ঘোষণা ভ্রমণপ্রিয় বাঙালির জন্য এক নতুন সুযোগ এনে দিল।