সিঙ্গুর মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় রাজ্যের! কোন বাণিজ্যিক সংস্থা এবার জমি ফেরত পাবে না?

সিঙ্গুর জমি অধিগ্রহণ মামলায় সুপ্রিম কোর্টে (Supreme Court) বড় ধরনের আইনি জয় পেল পশ্চিমবঙ্গ সরকার (Government Of West Bengal)। কলকাতা হাইকোর্টের রায় খারিজ করে সর্বোচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ২০১৬ সালের সিঙ্গুর মামলার রায় সেই সমস্ত বাণিজ্যিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে না, যারা জমি অধিগ্রহণের বদলে সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ গ্রহণ করেছে এবং দীর্ঘ এক দশক ধরে চলা আইনি প্রক্রিয়ায় কোনওরকম অংশগ্রহণ করেনি।
সোমবার সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলাটি ওঠে। শীর্ষ আদালত এদিন নির্দেশ দেয় যে, যেসব পক্ষ ক্ষতিপূরণের অর্থ নিজেদের কাছে রেখেছে, ২০১৬ সালে হাইকোর্টের দেওয়া জমি ফেরতের নির্দেশ তাদের ক্ষেত্রে কার্যকর হবে না। দীর্ঘ টানাপোড়েনের পর এই রায়ে বড়সড় স্বস্তি পেল রাজ্য সরকার।
উল্লেখ্য, বাম আমলে টাটাদের ন্যানো কারখানার জন্য সিঙ্গুরে জমি অধিগ্রহণ করেছিল তৎকালীন সরকার। অধিগ্রহণের অন্তর্ভুক্ত ছিল মেসার্স শান্তি সেরামিক্স প্রাইভেট লিমিটেডের ২৮ বিঘা জমি ও একটি কারখানা। এই জমি ও কারখানার বিনিময়ে সরকারের তরফে ১৪ কোটি টাকা ক্ষতিপূরণও নেওয়া হয়েছিল।
পরবর্তীতে টাটার কারখানা হয়নি এবং আদালত জমিহারাদের জমি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এরই প্রেক্ষিতে ২০১৬ সালে ওই সংস্থা নিজেদের ২৮ বিঘা জমি ফেরত চায়। রাজ্যের তরফ থেকে এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে পাল্টা আবেদন করা হয়েছিল। সুপ্রিম কোর্ট অবশেষে রাজ্য সরকারের পক্ষেই রায় দিল।