ভারতের বিরুদ্ধে সিরিজে নেই প্যাট কামিন্স! নেতৃত্ব দেবেন মিচেল মার্শ, বড় সুযোগ দেখছেন হ্যাজেলউড

ভারতের বিরুদ্ধে ঘরের মাঠে আসন্ন সিরিজে অস্ট্রেলিয়া তাদের নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সকে পাচ্ছে না। চোটের কারণে এই সিরিজ এবং সম্ভবত অ্যাশেজ থেকেও ছিটকে গেলেন এই ডানহাতি ফাস্ট বোলার। কামিন্সের অনুপস্থিতিতে অস্ট্রেলিয়া দলের নেতৃত্বভার সামলাবেন অভিজ্ঞ অলরাউন্ডার মিচেল মার্শ।

কামিন্স তাঁর চোট নিয়ে হতাশা প্রকাশ করেছেন। তিনি বলেন, “গত সাত-আট বছর ধরে অ্যাশেজে আমি টানা খেলেছি। গ্রীষ্মের মরশুমটা টানা খেলেছি আমি। কিন্তু জশ হ্যাজেলউড অনেক আনলাকি ছিল। বেশ কিছু সময় চোটের জন্য ও খেলতে পারেনি। এবার ওর সামনে বড় সুযোগ। পুরো সিরিজে খেলতে পারবে।”

ভারতের বিরুদ্ধে খেলতে না পারার আক্ষেপও ঝরেছে তাঁর কণ্ঠে। কামিন্স বলেন, “আমিও অ্যাশেজে খেলার জন্য মুখিয়ে ছিলাম। এমনকী ভারতের বিরুদ্ধে সিরিজেও খেলার ইচ্ছে ছিল। কিন্তু কিছু করার নেই। যদি ভারতের বিরুদ্ধে খেলতে পারতাম, খুব ভালো হত।”

অস্ট্রেলিয়া দলে সুযোগ পেলেন বার্টলেট
প্যাট কামিন্স না থাকায় অস্ট্রেলিয়া স্কোয়াডে এসেছেন তরুণ বোলার জ্যাভিয়ের বার্টলেট। মনে করা হচ্ছে, একাদশেও বার্টলেটই সুযোগ পাবেন। দলে বাঁহাতি মিচেল স্টার্ক থাকলেও, বেন ডরসহুইসের পরিবর্তে জ্যাভিয়ের বার্টলেটকে সুযোগ দেওয়া হতে পারে।

উল্লেখ্য, প্যাট কামিন্স এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে ২১টি ওয়ান ডে ম্যাচে খেলে ২৮ উইকেট নিয়েছেন, যেখানে তাঁর একটি ইনিংসে পাঁচ উইকেট ও একটি ইনিংসে চার উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে। তাঁর অনুপস্থিতি নিঃসন্দেহে অস্ট্রেলিয়া শিবিরের জন্য একটি বড় ধাক্কা। এই পরিস্থিতিতে মিচেল মার্শের নেতৃত্ব এবং জ্যাভিয়ের বার্টলেটের পারফরম্যান্সের দিকে নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।