খুবই অসুস্থ প্রেমানন্দ মহারাজ, জেনেনিন কোন গুরুতর অসুখে আক্রান্ত তিনি?

বৃন্দাবনবাসী, বিশ্বজুড়ে কোটি ভক্তের পূজনীয় আধ্যাত্মিক ব্যক্তিত্ব শ্রী হিত প্রেমাগোবিন্দ শরণ মহারাজ (প্রেমানন্দ মহারাজ) হঠাৎ অসুস্থ। তাঁর নিয়মিত মর্নিং ওয়াক বন্ধ করে দেওয়া হয়েছে এবং তাঁকে সম্পূর্ণরূপে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিরাট কোহলি, অনুষ্কা শর্মা-সহ বহু নামী তারকা যার শরণাপন্ন হন, তাঁর এমন শারীরিক পরিস্থিতি নিয়ে ভক্তমহলে গভীর উৎকণ্ঠা।
ঠিক কোন অসুখের জন্য প্রেমানন্দ মহারাজের শরীর দিনের পর দিন খারাপ হচ্ছে, তা তিনি নিজেই একাধিকবার খোলসা করেছেন। তিনি জানান, বহু বছর ধরে তাঁর কিডনি ড্যামেজড, যার জন্য নিয়মিত ডায়ালিসিস চলছে।
আসলে, ২০০৬ সালে পেটে ব্যথার সূত্র ধরে তাঁর একটি মারাত্মক কিডনি রোগ ধরা পড়ে— যার নাম পলিসিস্টিক কিডনি ডিজিজ বা PKD (Polycystic Kidney Disease)।
কী এই পলিসিস্টিক কিডনি ডিজিজ (PKD)?
এটি একটি বংশগত (জেনেটিক) রোগ, যা জিনের মিউটেশনের কারণে ঘটে। এই রোগে কিডনির মধ্যে অসংখ্য সিস্ট (তরল ভর্তি থলি) তৈরি হয়। এই সিস্টগুলো ধীরে ধীরে কিডনিকে বড় করে দেয় এবং অঙ্গটির কার্যকারিতা নষ্ট করে দেয়। এটি শেষ পর্যন্ত ক্রনিক কিডনি ডিজিজ এবং কিডনি ফেলিওরের দিকে মোড় নিতে পারে। এই রোগে আক্রান্তদের চূড়ান্ত পর্যায়ে ডায়ালিসিস এবং কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হয়।
PKD-এর সাধারণ লক্ষণসমূহ:
- মাথা ব্যথা
- পিঠে ও শরীরের পাশে ব্যথা
- প্রস্রাবে রক্ত (Hematuria)
- ঘন ঘন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (UTI)
- পেট ফুলে যাওয়া
- উচ্চ রক্তচাপ (High Blood Pressure)
প্রেমানন্দ মহারাজের ডায়ালিসিস চলছিল এবং সম্প্রতি তাঁর শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে পরিশ্রম করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। আপাতত তাঁকে সম্পূর্ণরূপে বিশ্রামে রাখা হয়েছে। এই বিরল ও জটিল রোগের প্রাথমিক চিকিৎসা হিসেবে রক্তচাপ নিয়ন্ত্রণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে পরিস্থিতি গুরুতর হলে একমাত্র ডায়ালিসিস বা কিডনি ট্রান্সপ্ল্যান্টই শেষ ভরসা।