‘মৃত্যু বরণ করব, NRC হতে দেব না!’ SIR ইস্যুতে কেন্দ্রকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তৃণমূল বিধায়ক শ্যামল মণ্ডল

রাজ্যের আসন্ন নির্বাচনের আগে SIR এবং NRC বিতর্ককে কেন্দ্র করে কেন্দ্রকে সরাসরি হুঁশিয়ারি দিলেন দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী বিধানসভার বিধায়ক শ্যামল মণ্ডল। রবিবার বাসন্তী সুকান্ত কলেজ মাঠে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত বিজয়া সম্মিলনী অনুষ্ঠানে দাঁড়িয়ে তিনি এই বিস্ফোরক মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আয়োজিত এই অনুষ্ঠানে শ্যামল মণ্ডল ছাড়াও উপস্থিত ছিলেন জয়নগর লোকসভা কেন্দ্রের সাংসদ প্রতিমা মন্ডল এবং দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নিলিমা মিস্ত্রী বিশাল-সহ একাধিক নেতৃত্ব।
“মমতা-অভিষেকের হাত ধরে মরব, তবু NRC নয়”
অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে শ্যামল মণ্ডল SIR (Special Intensive Revision) নিয়ে প্রকাশ্যে হুঁশিয়ারি দেন। তিনি বলেন, “মৃত্যু যদি বরণ করতে হয় বাংলার মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে মরব পশ্চিমবাংলায়। তবুও আমরা SIR-এর নামে সারা পশ্চিমবাংলায় ভোটের আগে NRC আমরা করতে দেব না।”
কেন্দ্রীয় সরকারের এই উদ্যোগকে ‘ভোটের আগে নাটক’ আখ্যা দিয়ে তিনি প্রশ্ন তোলেন, “কদিন পরে ভোট আর এখন বলছে SIR, NRC-এর কথা। এতদিন মনে ছিল না!”
‘নির্বাচন কমিশনারকে চাকর বানিয়েছেন অমিত শাহ!’
শ্যামল মণ্ডল শুধু কেন্দ্রকে আক্রমণ করেই ক্ষান্ত হননি, নির্বাচন কমিশনকে নিয়েও গুরুতর মন্তব্য করেন। তিনি বলেন, “নির্বাচন কমিশনারকে চাকর বানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। চাকররা আমাদের নির্ধারণ করবে আমরা ভারতবর্ষের নাগরিক কিনা, আমরা এখানে ভোটারধিকার কিনা, আমরা এখানে থাকতে পারব কিনা।”
দলীয় কর্মীদের মনোবল বাড়াতে তিনি বলেন, “ভয় পাওয়ার কোনো প্রশ্ন নেই। আমরা আছি, ছিলাম, আগামী হাজার হাজার বছর এবং যুগ যুগ ধরে পশ্চিমবাংলার মাটিতে থাকব। আমাদেরকে বিতাড়িত করার ক্ষমতা পশ্চিমবাংলার বিজেপি ও নির্বাচন কমিশনের নেই।”
বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল ভবিষ্যদ্বাণী করে বলেন, আগামী ২০২৬ সালের নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি কোনোভাবেই ২৬টি আসন পাবে না। তাঁর এই মন্তব্যে বাসন্তীর বিজয়া সম্মিলনীর মঞ্চে তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে।