দুর্গাপুর কাণ্ড, ড্রোনে তল্লাশির পর ফরেন্সিক দল ঘটনাস্থলে, পরানগঞ্জ শ্মশান লাগোয়া জঙ্গল ঘিরল পুলিশ

দুর্গাপুরে মেডিক্যাল পড়ুয়াকে ‘নির্যাতনের’ অভিযোগের ঘটনায় তদন্তে জোর দিল পুলিশ। গ্রেফতার হওয়া তিনজনের পাশাপাশি অধরা থাকা আরও দুই অভিযুক্তের খোঁজে পুলিশ তল্লাশি চালাচ্ছে। শনিবার সকালেই ড্রোন উড়িয়ে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গল ও সংলগ্ন এলাকায় জোর তল্লাশি চালানো হয়।
তদন্তে গতি আনতে এদিন বিকালে ঘটনাস্থলে আসে ফরেন্সিক দল। প্রতিনিধি দলটি ঘটনার স্থান থেকে একাধিক গুরুত্বপূর্ণ নমুনা সংগ্রহ করে। জানা গিয়েছে, এই নমুনাগুলি অভিযুক্তদের চিহ্নিত করতে এবং ঘটনার সত্যতা যাচাই করতে সাহায্য করবে।
বর্তমানে পরানগঞ্জ কালীবাড়ি শ্মশান লাগোয়া জঙ্গলের একটি বড় অংশ ঘিরে রেখেছে পুলিশ। মনে করা হচ্ছে, এই এলাকাতেই অভিযুক্তরা গা ঢাকা দিতে পারে বা আরও কোনো প্রমাণ লুকিয়ে থাকতে পারে।
উল্লেখ্য, এই ঘটনায় ইতিমধ্যে ৩ জন যুবককে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল অভিযুক্তদের মধ্যে আরও ২ জন এখনও অধরা। তাদের খোঁজে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। এই ঘটনায় শহরজুড়ে তীব্র চাঞ্চল্য ও ক্ষোভ বিরাজ করছে।