বর্ধমান স্টেশনে ভয়াবহ পদপিষ্টের ঘটনা! সংকীর্ণ সিঁড়িতে হুড়োহুড়ি, আহত কমপক্ষে সাতজন

রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনে পদপিষ্ট হয়ে কমপক্ষে সাতজন যাত্রী আহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্টেশন চত্বরে এক সঙ্গে একাধিক ট্রেন আসায় সংকীর্ণ সিঁড়ি দিয়ে প্ল্যাটফর্মে যাওয়ার সময় যাত্রীদের মধ্যে তীব্র হুড়োহুড়ি ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, রবিবার সন্ধ্যায় বর্ধমান স্টেশনের তিনটি প্ল্যাটফর্মে প্রায় একই সময়ে ট্রেন প্রবেশ করে। নিজেদের প্ল্যাটফর্মে পৌঁছনোর জন্য যাত্রীরা একসঙ্গে সংকীর্ণ সিঁড়ি ব্যবহার করতে গেলে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এর জেরেই বেশ কয়েকজন যাত্রী পদপিষ্ট হন।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছেন। খবর পেয়ে আহতদের দ্রুত উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় স্টেশন চত্বরে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়।
স্টেশন কর্তৃপক্ষের অব্যবস্থা ও যাত্রী নিয়ন্ত্রণের অভাবের কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলেছেন সাধারণ যাত্রীরা। এই ঘটনায় রেলের পক্ষ থেকে এখনও কোনো বিস্তারিত বিবৃতি দেওয়া হয়নি।