“নাম ‘অসদ’ হলে কি গুলি করতেন?” CJI-কে জুতো হামলার চেষ্টা নিয়ে মোদী সরকারকে ‘ধর্মীয় পক্ষপাত’-এর অভিযোগে বিঁধলেন ওবৈসী!

ভারতের প্রধান বিচারপতি (CJI) বিআর গাওয়াই-এর উপর জুতো হামলার চেষ্টার ঘটনাকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন এআইএমআইএম (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওবৈসী। তিনি অভিযোগ করেছেন, এই ঘটনার অভিযুক্ত আইনজীবী রাকেশ কিশোরের বিরুদ্ধে সরকার ইচ্ছাকৃতভাবে কঠোর ব্যবস্থা নিচ্ছে না, যা সরকারের ‘ধর্মীয় পক্ষপাতিত্বের’ প্রমাণ।

হায়দ্রাবাদের লোকসভা সাংসদ আসাদউদ্দিন ওবৈসী একটি জনসভায় বলেন, “যদি ওই আইনজীবীর নাম রাকেশ কিশোরের বদলে ‘অসদ’ হতো, তবে পুলিশ কী করত? ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বলত, ‘ওকে গ্রেফতার করো!’ ‘ও প্রতিবেশী দেশ থেকে এসেছে,’ ‘ও পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের লোক।’ চারদিক থেকে ওর উপর ঝাঁপিয়ে পড়া হতো।”

পুলিশ এবং কেন্দ্রের বিরুদ্ধে ‘দ্বৈত মানদণ্ড’ (Double Standards) অবলম্বনের অভিযোগ এনে ওবৈসী বলেন, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সরকার ভেদাভেদ করছে। এই প্রসঙ্গে তিনি উত্তর প্রদেশের একটি ঘটনার তুলনা টানেন।

ওবৈসী প্রশ্ন তোলেন, “মুসলিম সম্প্রদায় যখন ‘আই লাভ মহম্মদ’ ব্যানার সরানোর প্রতিবাদ করেছিল, তখন ইউপি পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছিল। কিন্তু রাকেশ কিশোরের ক্ষেত্রে এমনটা হলো না কেন?”

অভিযুক্ত রাকেশ কিশোর তাঁর অভিযোগের তালিকায় স্পষ্টভাবেই উত্তরপ্রদেশের বরেলির ঘটনা উল্লেখ করেছিলেন। তিনি দাবি করেন, প্রধান বিচারপতি বিআর গাওয়াই এবং সুপ্রিম কোর্টের উচিত হয়নি যোগী আদিত্যনাথের ‘বুলডোজার ন্যায়নীতি’ (Bulldozer Justice Policy)-র বিরুদ্ধে কোনও মন্তব্য করা। এই ঘটনাকে হাতিয়ার করেই কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছেন এআইএমআইএম প্রধান। তাঁর অভিযোগ, সরকার একটি নির্দিষ্ট সম্প্রদায়ের প্রতি নমনীয় এবং অন্যটির প্রতি কঠোর নীতি গ্রহণ করেছে।