টাটা ট্রাস্টে ‘সুপার বোর্ড’! নোয়েল টাটার নির্দেশও মানা হচ্ছে না, দেশের অর্থনীতি বাঁচাতে কড়া বার্তা কেন্দ্রের

দেশের অন্যতম বৃহৎ এবং ঐতিহ্যবাহী শিল্পগোষ্ঠী টাটা গ্রুপে (TATA Group) নেমে এসেছে চরম অস্থিরতা। গত বছর রতন টাটার প্রয়াণের (Ratan Tata) পর থেকেই টাটা ট্রাস্টের অভ্যন্তরে বাড়তে থাকা অন্তর্দ্বন্দ্ব এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কেন্দ্রীয় সরকারকেও হস্তক্ষেপ করতে হয়েছে।

দেশের অর্থনীতিতে টাটা গ্রুপের গুরুত্বের কথা মাথায় রেখে, স্বয়ং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন (Nirmala Sitharaman) নিজে উদ্যোগ নিয়ে টাটা ট্রাস্ট এবং টাটা সন্সের শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেছেন।

নোয়েল টাটাকে উপেক্ষা, তৈরি হয়েছে ‘সুপার বোর্ড’
‘দ্য ইকোনমিক টাইমস’-এর প্রতিবেদন অনুযায়ী, রতন টাটার মৃত্যুর পর টাটা ট্রাস্টের চারজন সিনিয়র ট্রাস্টি— দারিয়াস খামবাটা, জাহাঙ্গির এইচসি, প্রমিত জাভেরি ও মেহলি মিস্ত্রি— মিলে এক প্রকার ‘সুপার বোর্ড’ তৈরি করেছেন। অভিযোগ উঠেছে, তাঁরা টাটা গ্রুপের নতুন চেয়ারম্যান নোয়েল টাটার (Noel Tata) নির্দেশকেও উপেক্ষা করছেন। এর ফলে টাটা সন্সের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে, যা সংস্থার অভ্যন্তরে বড় ধরনের অসন্তোষ সৃষ্টি করেছে।

সূত্রের খবর, এই চার ট্রাস্টি তাঁদের ভেটো ক্ষমতা প্রয়োগ করে টাটা সন্সের বিভিন্ন সিদ্ধান্তে হস্তক্ষেপ করছেন এবং কিছু ডিরেক্টর নিয়োগের ক্ষেত্রে প্রভাব খাটানোর চেষ্টা করেছেন। এই ঘটনাই গোষ্ঠীর মধ্যে বিভেদের মূল কারণ।

সরকারের কড়া বার্তা: ‘স্থিতাবস্থা বজায় রাখতেই হবে’
পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় নেতৃত্ব টাটা গ্রুপের উচ্চপদস্থ প্রতিনিধিদের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন নোয়েল টাটা, ভাইস চেয়ারম্যান বেণু শ্রীনিবাসন, টাটা সন্সের চেয়ারম্যান এন. চন্দ্রশেখরন এবং ট্রাস্টি সদস্য দারিয়াস খামবাটা।

সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে— টাটা গ্রুপে স্থিতাবস্থা ফিরিয়ে আনতেই হবে এবং কোনও অভ্যন্তরীণ বিরোধ যেন সংস্থার কাজ বা ভাবমূর্তিকে প্রভাবিত না করে।

অমিত শাহ ও নির্মলা সীতারামন উভয়েই টাটা গ্রুপের বিশাল আর্থিক প্রভাব ও দেশের শিল্পক্ষেত্রে এর ঐতিহাসিক ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়েছেন। তাঁরা সতর্ক করেছেন যে, যদি কোনও ট্রাস্টি বা সদস্যের কারণে গ্রুপের স্থিতিশীলতা নষ্ট হয়, তবে প্রয়োজনে তাঁকে সরানোর পদক্ষেপও নেওয়া হতে পারে। সরকার চায়, এই বিরোধ জনসমক্ষে না এসে গোষ্ঠীর অন্দরে শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি হোক।

বিশেষজ্ঞরা মনে করছেন, টাটা গ্রুপ কেবল একটি ব্র্যান্ড নয়, এটি ভারতের কর্পোরেট ঐতিহ্যের প্রতীক। এই ঐতিহ্যে ফাটল ধরলে তা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য অশনি সংকেত হতে পারে। তাই কেন্দ্রীয় সরকারের এই তৎপরতা নিছক হস্তক্ষেপ নয়, বরং দেশের অর্থনৈতিক স্বার্থে একটি সতর্ক পদক্ষেপ।