দুর্যোগের মধ্যেও ‘ছাড় নেই’! বাগডোগরা-কলকাতা আকাশপথে অগ্নিমূল্য ভাড়া, ক্ষোভ উগরে দিলেন মুখ্যমন্ত্রী

প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত উত্তরবঙ্গ থেকে ফেরার পথে আকাশছোঁয়া বিমান ভাড়া নিয়ে গুরুতর অভিযোগ তুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর নিশানায় সরাসরি উঠে এলো ‘বৈষম্যের’ প্রশ্ন। তিনি জানতে চেয়েছেন, যেখানে ছটপুজোর কারণে বিমান ভাড়ায় বিশেষ ছাড় দেওয়া হচ্ছে, সেখানে বিপর্যয়ের মুখে পড়া উত্তরবঙ্গ থেকে কেন যাত্রীদের কাছ থেকে এত বেশি ভাড়া নেওয়া হচ্ছে?

মুখ্যমন্ত্রী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিহারে নির্বাচন আছে বলে ছটপুজোতে বিমানের ভাড়ায় ছাড় দেওয়া হয়েছে। বলা হয়েছে, ওই সময় ভাড়া বাড়ানো যাবে না। এতে আমি খুশি। কিন্তু একটা দুর্ভোগ, দুর্যোগ হয়ে যাওয়ার পর, বাগডোগরা থেকে কলকাতায় ফেরার ভাড়া কেন ১৮ হাজার টাকা করে দেওয়া হল বলতে পারেন?”

দিল্লি হয়ে ফিরতে খরচ ৪২-৪৫ হাজার!
মমতা বন্দ্যোপাধ্যায় বিমান ভাড়ার অস্বাভাবিক বৃদ্ধি নিয়ে আরও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, “আর যারা বিমান পাচ্ছেন না, কলকাতা থেকে ঘুরে দিল্লি হয়ে যাচ্ছেন, তাঁদের খরচ হচ্ছে প্রায় ৪২ থেকে ৪৫ হাজার টাকা! ভাবতে পারেন? এটা কি বৈষম্য নয়?”

তাঁর অভিযোগ, প্রাকৃতিক দুর্যোগের জেরে আটকে পড়া পর্যটকদের এভাবে অতিরিক্ত ভাড়ার বোঝা চাপানো হচ্ছে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পদক্ষেপের কথা জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “বাইরের মানুষ যাঁরা এসেছিলেন, ফিরে যাচ্ছেন। যারা বেড়াতে গিয়েছিলেন, তাঁরা ফিরছেন। আমি ১০০০ জন পর্যটককে ৪৫টি ভলভো বাসে ও নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট বাসে চাপিয়ে নিরাপদে ফিরিয়ে এনেছি, যাতে তাঁদের কোনও অসুবিধা না হয়।”

দ্রুত স্বাভাবিক হচ্ছে উত্তরবঙ্গ, বিকল্প রাস্তার কাজ শুরু
এদিকে, দুর্যোগের পর দ্রুত উত্তরবঙ্গের পরিস্থিতি স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। তিনি জানান, রোহিণীর ধস সরানোর কাজ শুরু হয়েছে এবং ২টি বিকল্প রাস্তা তৈরি করা হয়েছে। নাগরাকাটায় ব্রিজ সারানোর কাজও পুরোদমে চলছে। এছাড়াও, মিরিকের জন্য পাকা ব্রিজ তৈরি না হওয়া পর্যন্ত আগামী ১৫ দিনের মধ্যে একটি বিকল্প পাইপ ব্রিজ তৈরির আশ্বাস দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, আপাতত তিনি ফিরে এলেও আগামী সপ্তাহেই ফের উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন। ত্রাণকার্যের পাশাপাশি চাকরি সংক্রান্ত কাজগুলি তখনও বাকি থাকবে বলে তিনি জানান। আজকের ভরা কোটালের কারণে সকলকে সতর্ক থাকার আবেদনও জানিয়েছেন তিনি।