“আমাদের শবও ফিরতে পারে!” ত্রিপুরায় পা রাখতেই কুণালদের আটক, ধুন্ধুমারে মমতার কড়া হুঁশিয়ারি অমিত শাহকে

মঙ্গলবার আগরতলার তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও হামলার ঘটনা পরিদর্শনে গিয়ে দিনভর নাজেহাল হতে হলো তৃণমূলের ৫ সদস্যের প্রতিনিধি দলকে। দলের মুখপাত্র কুণাল ঘোষের নেতৃত্বাধীন এই প্রতিনিধি দলে ছিলেন সায়নী ঘোষ ও সুস্মিতা দেব। কিন্তু ত্রিপুরায় পা রাখার পর থেকেই পুলিশ-প্রশাসনের বাধায় তাঁরা একপ্রকার কোণঠাসা হন বলে অভিযোগ।
এদিন রওনা হওয়ার আগেই কুণাল ঘোষ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, “আমাদের শবও ফিরতে পারে”। তাঁর সেই আশঙ্কারই প্রতিফলন যেন দেখা গেল আগরতলায়।
বিমানবন্দরেই ধরনা, পুলিশের সঙ্গে টানাপোড়েন
তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ এক্স (X)-এ বুধবারের ঘটনাক্রম তুলে ধরেছেন। সকালে আগরতলা বিমানবন্দরে নামার পরই তৃণমূল প্রতিনিধি দলকে আটক করা হয়। শুধু তাই নয়, তাঁদের নিতে যাওয়া গাড়ি, প্রিপেইড ট্যাক্সি, এমনকি অটো নিতেও পুলিশ বাধা দেয় বলে অভিযোগ।
অগত্যা, অন্য কোনো উপায় না দেখে প্রতিনিধি দলটি বিমানবন্দরের বাইরেই ধর্নায় বসে পড়ে।
কুণাল ঘোষ পোস্টে জানান, “আমরা বলি হেঁটে যাব। আমরা হাঁটতে শুরু করি। পুলিশের বাধা। তখন আমরা বলি, অবিলম্বে গাড়ি চাই। আমাদেরগুলি আসতে দিন। নাহলে যেখান থেকে পারেন আনুন। অন্যথায় হাঁটব।” দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে পুলিশ দুটি গাড়ির ব্যবস্থা করে।
পার্টি অফিস পরিদর্শন, ডিজির কাছে দাবি
এরপর তৃণমূল প্রতিনিধি দল রাজ্য দফতরে গিয়ে ভাঙচুরের সরেজমিন পরিদর্শন করেন এবং সাংবাদিক সম্মেলন করেন। পরে রাজ্য পুলিশের ডিজির কাছে গিয়ে তাঁরা পার্টি অফিসে হামলাকারীদের অতি সত্বর আটক করার দাবি জানান। কুণাল ঘোষ অভিযোগ করেন, এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়সহ অন্যান্য নেতাকর্মীদের উপর হামলার মামলাগুলির কোনো অগ্রগতি হয়নি, সেগুলিরও তদন্তের রিপোর্ট জানাতে হবে।
কুণাল এক্স-এ উল্লেখ করেছেন, বুধবারের এই সফরের আগাগোড়া খবর রেখেছেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপাতত আজকের কর্মসূচি শেষ হলেও, প্রতিনিধি দল রাজ্যপালের সময় চেয়েছেন এবং সময় পেলে আগামীকাল তাঁদের সঙ্গে দেখা করবেন।
বাধা দেওয়ায় ক্ষুব্ধ মমতা: নিশানা অমিত শাহ
এদিকে, প্রতিনিধি দলকে বারবার বাধা দেওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে সরাসরি আক্রমণ করেন।
মমতা এদিন কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “দরকার হলে আমি যাব, দেখি কার কত দম!”
মুখ্যমন্ত্রী আরও বলেন, উৎসবের মরসুমে এই ধরনের রাজনৈতিক হামলার ঘটনা অমিত শাহের নির্দেশে হচ্ছে। তিনি অভিযোগ করেন, অমিত শাহ এখন “অ্যাক্টিং প্রাইম মিনিস্টারের কাজ করছেন” এবং তিনিই এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন। তৃণমূল কর্মীদের সুরক্ষা ও হামলার ঘটনার দ্রুত বিচার না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।