পুজো মিটলেও শহরে দাঁড়িয়ে ‘বিজ্ঞাপনী জঞ্জাল’! ৭ দিনে না সরালে কড়া ব্যবস্থা, বিজ্ঞাপন সংস্থার থেকেই টাকা আদায় করবে কলকাতা পুরনিগম

দুর্গাপুজো শেষ হলেও কলকাতার বহু বড় রাস্তা, অলিগলি এবং পুজো মণ্ডপের আশেপাশে এখনও মাথা তুলে দাঁড়িয়ে আছে বিজ্ঞাপনী হোর্ডিং, ব্যানার ও ওভারহেড গেটের বাঁশের কাঠামো। কলকাতা পুরনিগমের (Kolkata Municipal Corporation) নির্দেশ ছিল, পুজো মিটতেই পরবর্তী সাতদিনের মধ্যে এই অস্থায়ী বিজ্ঞাপনগুলি সরিয়ে ফেলতে হবে। কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না হওয়ায় এবার কঠোর পদক্ষেপ নিতে চলেছে পুরনিগমের বিজ্ঞাপন বিভাগ।

পুরনিগমের এক আধিকারিক জানিয়েছেন, এখন অফিস ছুটি থাকলেও তা শেষ হলেই বিজ্ঞাপন বিভাগ রাস্তায় নামবে। সমস্ত বাঁশের কাঠামো ভেঙে সাফ করে দেওয়া হবে। আর সেই সাফাইয়ের খরচ নোটিশ দিয়ে সরাসরি বিজ্ঞাপন দাতা সংস্থাগুলোর থেকে আদায় করা হবে।

কেন উদাসীন বিজ্ঞাপন সংস্থা ও ক্লাবগুলি?
পুজোর সময় অস্থায়ী বিজ্ঞাপন দিলে অল্প খরচে বেশি মানুষের কাছে পৌঁছনো যায়, যা খুবই লাভজনক। অভিযোগ উঠেছে, অনেক বিজ্ঞাপনী সংস্থাই ইচ্ছে করে এই বিষয়ে উদাসীন থাকে। কারণ, এতে তারা অতি সস্তায় তাদের পণ্য বা পরিষেবার বিজ্ঞাপন বেশি দিন ধরে করার সুযোগ পায়। অন্যদিকে, বিপুল টাকা বিজ্ঞাপন থেকে আয় করা পুজো কমিটিগুলোও শহর পরিষ্কার রাখা বা দূষণ মুক্তির বিষয়ে কোনো চিন্তা না করে উদাসীন থাকে।

ফলে এই হোর্ডিং ও বাঁশের কাঠামো যেমন সাধারণ মানুষের চলাফেরায় ঝুঁকি প্রবণ, তেমনই এটি পরিবেশ ও দৃশ্য দূষণেরও অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। স্থায়ী কাঠামো খোলা না হওয়ায় বহু জায়গায় রাস্তায় যানবাহন চলাচলেও সমস্যা সৃষ্টি হচ্ছে।

‘স্বমহিমায় দাঁড়িয়ে আছে’ হোর্ডিং
অতীতে প্রতি বছর কলকাতা পুরনিগম তাদের কোষাগারের অর্থ খরচ করে এই সমস্ত হোর্ডিং বা ব্যানার পরিষ্কার করত। তবে এবার কঠোর হতে চলেছে পুরনিগম। এক আধিকারিক বলেন, “আমরা আশা করব তার আগেই বিজ্ঞাপন তারা খুলে নেবে। পাশাপাশি ক্লাবগুলিকেও দ্রুত বাঁশের কাঠামো সরিয়ে ফেলার কথা জানানো হচ্ছে।”

বিধান সরণি, অরবিন্দ সরণি, সেন্ট্রাল অ্যাভিনিউ, গল্ফগ্রিন, শরৎ বোস রোড, এল্গিন রোড, কালীঘাট, রাসবিহারী, পার্ক সার্কাস এবং এসপ্লানেডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে বিজ্ঞাপনী হোর্ডিং ও ব্যানার। নয়া বিজ্ঞাপন নীতিতে দৃশ্য দূষণ এড়ানোর কথা বলা হলেও, পুজোকে ঘিরে এই অস্থায়ী বিজ্ঞাপনের জেরে সেই দূষণই জাঁকিয়ে বসেছে শহরের উত্তর থেকে দক্ষিণে।