আত্মনির্ভর ভারত! গুগল-মাইক্রোসফট নয়, এবার দেশীয় Zoho Mail ব্যবহার করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবার তাঁর সরকারি ইমেল আইডি (E-Mail ID) পরিবর্তন করে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তির পরিষেবা বেছে নিলেন। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন যে, এখন থেকে তাঁর অফিসিয়াল ইমেল আইডি হতে চলেছে চেন্নাই-ভিত্তিক বহুজাতিক প্রযুক্তি সংস্থা জোহো কর্পোরেশনের (Zoho Corporation) ইমেল পরিষেবা ‘Zoho Mail’।
সমাজমাধ্যমে পোস্ট করে অমিত শাহ লেখেন, “সবাইকে জানাচ্ছি, আমি এখন Zoho Mail ব্যবহার করছি। অনুগ্রহ করে আমার নতুন ইমেল ঠিকানাটি নোট করুন।” তাঁর নতুন অফিসিয়াল ইমেল আইডি হল— amitshah.bjp@zohomail.in। তিনি জানান, ভবিষ্যতের যাবতীয় সরকারি যোগাযোগ এখন এই ইমেলের মাধ্যমেই করা হবে।
কেন দেশীয় সংস্থার পরিষেবা বেছে নিলেন শাহ?
বিশেষজ্ঞরা মনে করছেন, অমিত শাহের এই সিদ্ধান্ত দেশে দেশীয় প্রযুক্তি পরিষেবা ব্যবহার ও আত্মনির্ভরতার দিকটিকে আরও এক ধাপ এগিয়ে দিল। চেন্নাই-ভিত্তিক জোহো কর্পোরেশন ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন শ্রীধর ভেম্বু ও টনি থমাস। ব্যবসা ও সংস্থার মধ্যে যোগাযোগে নিরাপত্তা ও নির্ভরযোগ্যতার জন্য তাদের Zoho Mail পরিষেবাটি বিশ্বজুড়ে জনপ্রিয়। বর্তমানে এই সংস্থার কর্মীসংখ্যা ১৮ হাজারেরও বেশি এবং বিশ্বজুড়ে ব্যবহারকারী প্রায় ১৩০ মিলিয়ন।
সম্প্রতি জোহো সংস্থা মেটা-মালিকানাধীন হোয়াটসঅ্যাপের বিকল্প হিসেবে নিজেদের মেসেজিং অ্যাপ ‘অরাট্টাই’ বাজারে এনেছে। সংস্থার সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু জানিয়েছেন, খুব শিগগিরই অরাট্টাইতে চ্যাটের জন্য এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচার চালু হবে। মাইক্রোসফট, গুগল এবং সেলসফোর্সের মতো আন্তর্জাতিক টেক জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করা এই দেশীয় সংস্থার পরিষেবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বেছে নেওয়ায় নিঃসন্দেহে তা জাতীয় স্তরে বিশেষ তাৎপর্য বহন করছে।