‘ভারত কোনোদিন ঐক্যবদ্ধ ছিল না, মীরজাফর ঔরঙ্গজেবের আমলেই যা সামান্য একতা!’ ভারতের ইতিহাস নিয়ে বিস্ফোরক পাক প্রতিরক্ষামন্ত্রী

ভারতের ইতিহাস ও বর্তমান পরিস্থিতি নিয়ে ফের বিতর্কিত এবং উসকানিমূলক মন্তব্য করলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ (Khawaja Asif)। একটি সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, ভারত কোনোদিনই ঐক্যবদ্ধ ছিল না, কেবল মুঘল সম্রাট ঔরঙ্গজেবের (Aurangzeb) আমলেই সামান্য একতা বজায় ছিল। একইসঙ্গে, তিনি ভারতের সঙ্গে ‘যুদ্ধের ঝুঁকি সত্যিই আছে’ বলেও সতর্ক করেছেন।

মঙ্গলবার ‘সামনা টিভি’কে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বকে নিশানা করেন। তাঁর মন্তব্যের কয়েকদিন আগেই ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানকে স্পষ্ট জানিয়েছিলেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ না করলে এবার আর কোনো রেয়াত করা হবে না। সেই পরিপ্রেক্ষিতেই এই পাল্টা সুর চড়ালেন পাক প্রতিরক্ষামন্ত্রী।

যুদ্ধের ঝুঁকি ও ঐক্যবদ্ধ পাকিস্তান
খাজা আসিফ বলেন, “আমি চাই না যে, দুই দেশের মধ্যে উত্তেজনা বৃদ্ধি পাক। কিন্তু, সত্যিই যে যুদ্ধের ঝুঁকি রয়েছে, তাও অস্বীকার করি না। যদি সত্যিই যুদ্ধ বাধে, আল্লার কৃপায় আমরা আগের থেকেও ভাল ফল করব।”

তিনি ভারতের ঐক্যের ধারণাকে খারিজ করে দেন। আসিফ দাবি করেন, “পাকিস্তানি ঘরের ভিতর ঝগড়া-বিবাদ, লড়াই করে গেলেও ভারতের সঙ্গে সংঘর্ষের সময় তারা জোট বেঁধে মাঠে নেমে পড়ে। ইতিহাসে বলে ভারত একটি দিনের জন্যও ঐক্যবদ্ধ দেশ ছিল না, হতে পারেনি। শুধু ঔরঙ্গজেবের আমলেই সামান্য একতা এসেছিল। পাকিস্তান গঠিত হয়েছে আল্লার নামে…ভারতের বিরুদ্ধে লড়াইয়ে আমরা সবসময় জোট বেঁধে দাঁড়াই।”

ভারতের যুদ্ধবিমান ধ্বংসস্তূপের হুঁশিয়ারি
আসিফ বলেন, ভারতের সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কড়া মন্তব্যগুলি আসলে নিজেদের হারানো বিশ্বাসযোগ্যতা ফিরে পাওয়ার ব্যর্থ চেষ্টা। তিনি পুরনো ঘটনার উল্লেখ করে দাবি করেন, “সিঁদুর অভিযানে ০–৬ ব্যবধানে পরাজয়ের পরও তারা ফের হামলার চেষ্টা করলে, এবার ফল আরও ভয়াবহ হবে।” তাঁর দাবি, ওই অভিযানে পাকিস্তান ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস করতে পেরেছিল।

এর আগেও এই পাক মন্ত্রী মন্তব্য করেছিলেন যে, একদিন ভারত তার নিজের যুদ্ধবিমানের ধ্বংসস্তূপের নীচে চাপা পড়বে। ভারতের সেনাপ্রধান থেকে শুরু করে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর বারবার সতর্কবার্তার পরই পাকিস্তানের মন্ত্রীর এই মন্তব্য দুই দেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলল।