কেরিয়ারের সেরা ফর্মে সিরাজ-জাদেজা, প্রিমিয়ার লিগের পরই বাজিমাত, র‍্যাঙ্কিংয়ে এক লাফে ৭০০ রেটিং পয়েন্ট!

বিলেতের মাটিতে যেখানে শেষ করেছিলেন, ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঠিক সেখান থেকেই শুরু করেছেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। আমেদাবাদ টেস্টে ৭ উইকেট নিয়ে দলের ইনিংস জয়ে অন্যতম ভূমিকা রাখার পুরস্কার পেলেন এই হায়দরাবাদ পেসার। আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে তিন ধাপ উপরে উঠে কেরিয়ারের সেরা স্থানে পৌঁছলেন তিনি।

বুধবার আইসিসি প্রকাশিত ব়্যাঙ্কিংয়ে ১২ নম্বরে উঠে এসেছেন ভারতীয় পেস বোলিংয়ের অন্যতম সেরা অস্ত্র সিরাজ। প্রথম দশের খুব কাছে পৌঁছানোই শুধু নয়, এই প্রথমবার তিনি ৭০০ রেটিং পয়েন্টও ছুঁয়ে ফেললেন। সতীর্থ জসপ্রীত বুমরা টেস্ট বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রাখলেও, আমেদাবাদ টেস্টে সিরাজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৪০ রানে ৪ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৩১ রানে ৩ উইকেট শিকার করেন এই হায়দরাবাদি পেসার।

ইংল্যান্ড সফরে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২৩ উইকেট নিয়ে সর্বাধিক শিকারী হয়েছিলেন সিরাজ। লাল-বলের ক্রিকেটে এই ধারাবাহিক ভালো পারফরম্যান্সই তাঁকে প্রথম দশের এত কাছাকাছি নিয়ে এসেছে। আগামী ১০ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেই তিনি প্রথম দশে উঠে আসতে পারেন বলে আশা করা হচ্ছে।

ব্যাটার জাদেজারও কেরিয়ার সেরা র‍্যাঙ্কিং, পিছোলেন জয়সওয়াল
অন্যদিকে, সিরাজের মতোই বুধবার কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিংয়ে পৌঁছলেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। নতুন আইসিসি ব়্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় ২৫ নম্বরে উঠে এসেছেন তিনি।

সিরাজের মতো জাদেজাও ইংল্যান্ড সফরে ব্যাটার হিসেবে নিজেকে নতুন করে আবিষ্কার করেছিলেন। সেই সিরিজে ৫১৬ রান করে তিনি চতুর্থ সর্বাধিক রানসংগ্রাহক ছিলেন। সেই ফর্ম ধরে রেখে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ঘরের মাঠে প্রথম টেস্টেও ব্যাট হাতে দুরন্ত জাড্ডু। আমেদাবাদে তাঁর ব্যাটে এসেছে অপরাজিত ১০৪ রানের ইনিংস। তারই পুরস্কার হিসেবে কেরিয়ারের সেরা এই ব়্যাঙ্কিং পেলেন তিনি।

তবে ব্যাটারদের ব়্যাঙ্কিংয়ে কিছুটা পিছিয়ে পড়েছেন ওপেনার যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal)। প্রথম পাঁচ থেকে নয়া ব়্যাঙ্কিংয়ে সাতে নেমে এসেছেন তিনি। ক্রমতালিকার প্রথম দশে ভারতীয় ব্যাটার হিসেবে রয়েছেন ঋষভ পন্তও (Rishabh Pant)। চোটের কারণে চলতি সিরিজে না-খেলা পন্ত রয়েছেন আটে, আর ভারত অধিনায়ক শুভমন গিল (Shubman Gill) রয়েছেন ১৩ নম্বরে।