ভাই তেজ প্রতাপের চাপ আর আসন পুনর্বিন্যাস, ‘কেন রাঘোপুরের পাশাপাশি আরও একটি আসনে চোখ রাখছেন তেজস্বী?

আসন্ন বিহার বিধানসভা নির্বাচনে রাষ্ট্রীয় জনতা দলের (RJD) নেতা এবং মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব সম্ভবত দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তাঁর বর্তমান আসন রাঘোপুর-এর পাশাপাশি তিনি ফুলপরাস বিধানসভা কেন্দ্র থেকেও ভোটে লড়তে পারেন বলে জল্পনা শুরু হয়েছে।

কেন দুটি আসন? রাঘোপুরের রাজনৈতিক চ্যালেঞ্জ

বর্তমানে তেজস্বী যাদব রাঘোপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। এই আসনটি ঐতিহ্যগতভাবে লালু প্রসাদ যাদবের পরিবারের গড় হিসেবে পরিচিত। তবে, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে এবং ভাই তেজ প্রতাপ যাদবের সক্রিয়তার কারণে এই আসনে তেজস্বীর চ্যালেঞ্জ বেড়েছে বলে মনে করা হচ্ছে। রাঘোপুরে তেজস্বীর উপস্থিতি কম থাকার অভিযোগও রয়েছে।

এছাড়া, গঙ্গায় ছয় লেনের সেতু নির্মাণ এবং অন্যান্য পরিকাঠামো উন্নয়নের ফলে NDA এই আসনে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। এই চ্যালেঞ্জগুলির মোকাবিলা করতেই তেজস্বী যাদব একটি নিরাপদ ‘দ্বিতীয় আসন’ খুঁজছেন বলে রাজনৈতিক মহলের ধারণা।

ফুলপরাস কেন RJD-এর টার্গেটে?

রাজনৈতিক সুবিধা: ফুলপরাস আসনটি মধুবনি জেলার অন্তর্গত এবং এটি RJD-এর জন্য সুবিধাজনক বলে মনে করা হয়। গত নির্বাচনে RJD এখানে সামান্য ব্যবধানে হেরেছিল। তাই তেজস্বীর মতো হেভিওয়েট প্রার্থীর উপস্থিতি এই আসনটি নিশ্চিতভাবে RJD-এর ঝুলিতে আনতে পারে।

আঞ্চলিক প্রভাব বৃদ্ধি: তেজস্বী যদি ফুলপরাস থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে এটি আরজেডি-কে মিথিলানচল অঞ্চলে (উত্তর বিহারের মধুবনি, সীতামারহি ও সুপাউল অঞ্চল) তার প্রভাব এবং শক্তি বাড়াতে সাহায্য করবে।

বিশাল ব্যবধানে জেতার লক্ষ্য: মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তেজস্বী এই আসন থেকে জিতে দলের বিধানসভার সংখ্যা বাড়াতে এবং নিজের রাজনৈতিক ভাবমূর্তি আরও জোরদার করতে চাইবেন।

রাঘোপুর: যাদব পরিবারের দুর্গ

রাঘোপুরকে লা্লু পরিবারের দুর্গা বলা হয়। এই আসনে লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীও বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তেজস্বী যাদব ২০১৫ এবং ২০২০ সালের নির্বাচনে এখান থেকে জয়লাভ করেন। তবে, তাঁর বড় ভাই তেজ প্রতাপ যাদব সম্প্রতি এই অঞ্চলে গিয়ে জনগণের সামনেই বিধায়কের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছিলেন, যা পরিবার ও দলের মধ্যেকার অন্তর্দ্বন্দ্বকে সামনে আনে। এই অভ্যন্তরীণ চ্যালেঞ্জের পাশাপাশি এনডিএ-র শক্তিশালী কৌশল তেজস্বীকে দ্বিতীয় আসনের কথা ভাবতে উৎসাহিত করছে।

সূত্রের খবর, এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আরজেডি-র নির্বাচনী কৌশল দল এবং লালু প্রসাদ যাদব নেবেন। তবে, তেজস্বী যাদবের ‘ডাবল স্ট্র্যাটেজি’ যে বিহারের নির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলবে, তাতে সন্দেহ নেই।