৬৬ হাজার মৃত্যুতেও ভারত নীরব কেন? গাজায় গণহত্যা বন্ধের দাবিতে কেন্দ্রকে ‘গর্জে ওঠার’ আহ্বান স্ট্যালিনের

গাজায় ইজরায়েলের (Israel) লাগাতার হামলায় মৃতের সংখ্যা যখন ৬৬ হাজার ছাড়িয়েছে, তখনো মোদী সরকারের (Narendra Modi) ‘নিষ্ক্রিয়তা’ নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রকে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন (M K Stalin)। বিরোধীদের পাশাপাশি এবার মুখ্যমন্ত্রী স্ট্যালিনও এই ইস্যুতে কেন্দ্র সরকারের নীরবতাকে ‘মোটেই বাঞ্ছনীয় নয়’ বলে তোপ দাগলেন।
বুধবার চেন্নাইয়ে সিপিআই(এম) আয়োজিত গাজা-গণহত্যা বিরোধী এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে স্ট্যালিন বলেন, গাজায় ‘নির্মম গণহত্যা’ বন্ধ করতে ভারত সরকারের অবিলম্বে ইজরায়েল এবং তার পাশে থাকা দেশগুলির ওপর চাপ বাড়ানো উচিত।
তিনি বলেন, “গাজায় ইজরায়েলের নির্বিচারে আক্রমণ, হত্যালীলা, ত্রাণ ঢুকতে না দিয়ে দুর্ভিক্ষ তৈরি করার ঘটনা আমাদেরকে নাড়িয়ে দিচ্ছে।” দীর্ঘ দু-বছর ধরে চলা এই মৃত্যুমিছিল বন্ধ করতে সকলের একজোট হয়ে ইজরায়েলের উপর চাপ সৃষ্টি করা প্রয়োজন বলে মনে করেন তিনি।
‘ভারতের নীরবতা বাঞ্ছনীয় নয়’
এই ইস্যুতে কংগ্রেস এবং সিপিআইএম (CPIM) ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে কটাক্ষ করেছে। এবার সেই সুরেই স্ট্যালিন কেন্দ্র সরকারের উপর তোপ দেগে বলেন, “গাজায় ইজরায়েল হত্যালীলা চালাচ্ছে, এই সময় ভারত সরকারের নীরবতা মোটেই বাঞ্ছনীয় নয়।”
এদিন সিপিআই(এম) এই মঞ্চ থেকে ভারত সরকারের কাছে ইজরায়েলের সঙ্গে সমস্ত বাণিজ্য চুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি, ইসরায়েলি সংস্থাগুলিকেও নিষিদ্ধ করারও ডাক দিয়েছে বামেরা। এই পরিস্থিতিতে, গাজায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় কেন্দ্রের নীরবতা নিয়ে রাজনৈতিক চাপ ক্রমশ বাড়ছে।