শ্বাসকষ্টের ইনহেলারই বাড়াচ্ছে পরিবেশের বিপদ? বছরে ৫ লক্ষ গাড়ির সমান কার্বন নিঃসরণ, চাঞ্চল্যকর দাবি গবেষণায়!

বায়ুদূষণের মাত্রা বৃদ্ধির সঙ্গে সঙ্গে বাড়ছে শ্বাসকষ্টের সমস্যা এবং ইনহেলারের ব্যবহার। হাঁপানি এবং সিওপিডি (COPD) রোগীদের জন্য এটি অপরিহার্য হলেও, সেই ইনহেলারই এবার পরিবেশের বিপদ বাড়াচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য উঠে এলো UCLA হেলথের নতুন এক গবেষণায়।
গবেষকদের দাবি, হাঁপানি এবং সিওপিডি-র চিকিৎসায় ব্যবহৃত ইনহেলার থেকে বছরে যে পরিমাণ কার্বন নিঃসরণ হয়, তা প্রায় ৫ লক্ষ ৩০ হাজার পেট্রোল চালিত গাড়ির বার্ষিক নির্গমনের সমান। মার্কিন যুক্তরাষ্ট্রে ইনহেলারের ব্যবহার নিয়ে করা এই গবেষণাটি JAMA-তে প্রকাশিত হয়েছে।
ক্ষতিকারক ‘মিটার-ডোজ ইনহেলার’ (MDI):
গবেষণায় দেখা গেছে, গত দশকে ইনহেলারগুলো প্রতি বছর ২০ লক্ষ মেট্রিক টনেরও বেশি কার্বন নির্গমন তৈরি করেছে। গবেষকরা ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তথ্য বিশ্লেষণ করে তিন ধরনের অনুমোদিত ইনহেলারগুলিকে সমীক্ষার আওতায় এনেছিলেন:
১. মিটার-ডোজ ইনহেলার (MDI): গবেষকদের মতে, এটি পরিবেশগতভাবে সবচেয়ে ক্ষতিকারক। এই ইনহেলারগুলি হাইড্রফ্লুরোঅ্যালকেন (HFA) প্রোপেলেন্ট ব্যবহার করে, যা অত্যন্ত শক্তিশালী গ্রিনহাউস গ্যাস এবং কার্বন ডাই অক্সাইডের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী। এটি দীর্ঘদিন ধরে জলবায়ুর জন্য ক্ষতিকারক।
২. ড্রাই পাউডার ইনহেলার (DPI) এবং সফট মিস্ট ইনহেলার (SMI): এই ইনহেলারগুলিতে প্রোপেলেন্ট ব্যবহার হয় না, ফলে এর থেকে কার্বন নির্গমন কম হয়।
পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আর্জি:
গবেষণার প্রধান লেখক ডঃ উইলিয়াম ফেল্ডম্যানসহ অন্যান্য বিশেষজ্ঞরা বিশ্বজুড়ে ডাক্তার এবং রোগীদের কাছে আর্জি জানিয়েছেন, পরিবেশবান্ধব ইনহেলারগুলিই যেন বেশি করে ব্যবহার করা হয়।
তাঁদের মতে, কম কার্বন নির্গমনকারী ইনহেলার ব্যবহার করলে রোগীদেরও অসুবিধা হবে না, অন্যদিকে পরিবেশও রক্ষা পাবে। এই বিকল্পগুলি রোগীদের স্বাস্থ্যের জন্য ভালো, একই সঙ্গে পরিবেশবান্ধবও।