‘পচা আলু আর মিড ডে মিলের চাল’! উত্তরবঙ্গে ত্রাণ বিলি নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক শুভেন্দু!

উত্তরবঙ্গের বন্যা বিধ্বস্ত এলাকায় ত্রাণ বন্টন নিয়ে এবার সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ আনলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর অভিযোগ, সরকার দুর্গত মানুষের জন্য নিম্নমানের ত্রাণ সামগ্রী পাঠাচ্ছে।
শুভেন্দু অধিকারী আজ শিলিগুড়ির মাটিগাড়ার বন্যা কবলিত অঞ্চল পরিদর্শনের পর এই বিস্ফোরক মন্তব্য করেন। তিনি দাবি করেন, স্থানীয় দুর্গতরা তাঁর কাছে অভিযোগ করেছেন যে ত্রাণ সামগ্রীর মধ্যে ‘পচা আলু’ এবং স্কুলের ‘মিড ডে মিলের চাল’ দেওয়া হচ্ছে।
“ত্রাণ হিসেবে মানুষকে পচা আলু এবং মিড ডে মিলের চাল দেওয়া হচ্ছে। সরকারের কাছে কি বন্যা দুর্গতদের জন্য ভালো মানের ত্রাণ দেওয়ার সামর্থ্য নেই? এটা চরম লজ্জার বিষয়,”— শুভেন্দু অধিকারী।
তাঁর প্রশ্ন, যে চাল শিশুদের জন্য বরাদ্দ, তা কেন প্রাপ্তবয়স্কদের ত্রাণ হিসেবে বিলি করা হচ্ছে? এই মন্তব্য করে শুভেন্দু একদিকে যেমন সরকারের ত্রাণ ব্যবস্থাপনার মান নিয়ে প্রশ্ন তুলেছেন, তেমনই ত্রাণ নিয়ে রাজ্যজুড়ে চলা রাজনৈতিক বিতর্ক আরও বাড়িয়ে দিলেন। তিনি বন্যা দুর্গতদের জন্য পর্যাপ্ত এবং মানসম্মত ত্রাণ ও দ্রুত বাসস্থান নির্মাণের দাবি জানিয়েছেন।